ফেব্রুয়ারি পর্যন্ত ব্যয় ৯,৭৫৩ কোটি টাকা

Shuti1459423088পদ্মা সেতু প্রকল্পে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৯ হাজার ৭৫৩ কোটি ২৪ লাখ টাকা ক্রমপুঞ্জিত ব্যয় হয়েছে। এ সময় পর্যন্ত পদ্মা সেতুর সার্বিক ভৌত অগ্রগতি হয়েছে ৩০ শতাংশ। আর মূল সেতু নির্মাণে ২০ শতাংশ ভৌত অগ্রগতি হয়েছে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

বৃস্পতিবার জাতীয় সংসদ ভবনে দশম জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৫তম বৈঠকে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে কমিটি সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান), নাজমুল হক প্রধান, মো. মনিরুল ইসলাম, মিসেস লুৎফুন নেছা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে সড়ক ও মহাসড়কের পার্শ্বে যেসব অবৈধস্থাপনা রয়েছে সেগুলো দ্রুততর উচ্ছেদ করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি।

বৈঠকে নির্মাণাধীন মার্কেট থেকে রাজস্ব আদায়ে আরও তৎপর হতে এবং বিআরটিসির জায়গায় নতুন বাণিজ্যিক ভবন কিংবা নতুন করে জমি লিজ প্রদানে বিরত থাকতে সুপারিশ করা হয়।

বিআরটিসির গাড়িগুলো নিয়মিত মেরামত ও সংস্কার করা এবং বিআরটিসির অনিয়ম ও অব্যবস্থাপনা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.