অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসরত ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অ্যালেন বার্সিন। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ তথ্য দেন অ্যালেন বার্সিনের নেতৃত্বে ঢাকা সফররত দুইজন প্রতিনিধি। বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, অবৈধ হয়ে যাওয়া ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায় যুক্তরাষ্ট্র। প্রতিনিধিরা বৈঠকে জানিয়েছেন- আইনগত সব সহযোগিতা দেওয়ার পরেও তারা বৈধ অভিবাসী হিসেবে নিজেদের প্রমাণ করতে পারেননি। আদালত তাদের অবৈধ ঘোষণা করেছেন। তাই ফেরত নিতে প্রস্তাব দেওয়া হয়েছে। ফেরত নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি তাদের বলেছি- ওই ৩০ জন বাংলাদেশি কিনা তা নিশ্চিত করতে হবে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাটসহ মোট ১৪ জন এসেছেন। বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের জানিয়েছি, কীভাবে আমরা কাউন্টার টেরোরিজম মোকাবেলা করছি। আমরা তাদের বলেছি, এন্টি টেরোরিজম ইউনিট করেছি, সাইবার ক্রাইম ইউনিট করেছি’। ‘যুক্তরাষ্ট্রে সন্ত্রাস দমনে তাদের যে অভিজ্ঞতা রয়েছে তা শেয়ার করতে বলেছি। প্রশিক্ষণে সহযোগিতা করতে বলেছি’, যোগ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘সন্ত্রাস মোকাবেলায় আমরা কমিউনিটি পুলিশ বেইজে ব্যবস্থা নিচ্ছি। ধর্মীয় সন্ত্রাসবাদ মোকাবেলায় সব ধর্মের নেতাদের সমন্বয় করে তাদের একসঙ্গে সন্ত্রাস মোকাবেলা করছি, সেকথা বলেছি’। মানবাধিকার বিষয়ে কোনো বাধার কথা বলেছেন কি-না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মানবাধিকার রক্ষায় আমরা পুলিশি কার্যক্রম করে থাকি। কমিউনিটি পুলিশিং ব্যবস্থায় আমরা মানবাধিকার রক্ষায় ব্যবস্থা নিচ্ছি’।
আরও খবর