মন্ত্রিকাণ্ডে পুলিশে চাপা ক্ষোভ

2016_04_03_21_29_23_RqrU3qbinfD4WE69718SpJSNhYI1nC_originalযুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের হাতে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার ঘটনায় চাপা ক্ষোভ দেখা দিয়েছে পুলিশ বিভাগে। তবে বুকে চাপা কষ্ট আর মুখে শুকনা হাসি থাকলেও বিষয়টি নিয়ে পুলিশ কর্মকর্তাদের কেউই মুখ খুলছেন না।

ঘটনার পরে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি নং ৬৬) করা হলেও তদন্তের বিষয়ে কিছুই জানা যায়নি।

রোববার দুপুরে সরেজমিনে আশুলিয়া থানায় গিয়ে দেখা গেছে ভিন্ন চিত্র। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীনুল কাদির, পরিদর্শক (ওসি, তদন্ত) আকবর আলী খান, সেকেন্ড অফিসার কাউকেই পাওয়া যায়নি নিজ নিজ চেয়ারে।

লাঞ্ছনার শিকার উপপরিদর্শক (এসআই) মলয় কুমার সাহার দায়ের করা জিডির বিষয়ে কী ব্যবস্থা নেয়া হয়েছে জানতে চাইলে ডিউটি অফিসার আশরাফুল আলম বলেন, একজন সাধারণ মানুষ জিডি করলে তা থানা পুলিশ তদন্ত করে। কিন্তু যখন কোনো পুলিশ কর্মকর্তা জিডি করেন তখন তা তদন্ত করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কয়েক ঘণ্টা থানায় অবস্থান করার পর বিকেলে কথা হয় থানার পরিদর্শক (ওসি, তদন্ত) আকবর আলী খানের সঙ্গে। ঘটনা বিষয়ে তিনি বলেন, ‘একজন মন্ত্রীকে নিরাপত্তা দিয়ে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিতের শিকার হয়েছেন- এটা খুবই দুঃখজনক। তাছাড়া ঘটনাটি বিভিন্ন পত্র-পত্রিকায় চলে আসায় মন্ত্রী পরিষদ ও পুলিশ প্রশাসনসহ সর্বমহলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।’

পরিদর্শক আকবর আলী খান আরো বলেন, ‘বিষয়টি এখন আমাদের হাতে নেই। এটা পুলিশ হেড কোয়াটার্স দেখছে।’

জানতে চাইলে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি-সাভার সার্কেল) নাজমুল হাসান বলেন, ‘বিষয়টি স্পর্শকাতর। তাই এটা নিয়ে কোনো মন্তব্য করতে পারব না।’

আশুলিয়া থানায় দায়ের করা জিডিতে অভিযোগ করা হয়, শনিবার (২ এপ্রিল) ভোরে সিরাজগঞ্জ থেকে উপমন্ত্রী আরিফ খান জয় তার ব্যক্তিগত গাড়ি ( ঢাকা মেট্রো-ঘ-১৫-১০৮৩) নিয়ে ঢাকা আসার পথে আশুলিয়ার নবীনগর এলাকায় গাড়িটি আইল্যান্ডের ওপর উঠে পড়ে। এসময়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আশুলিয়া থানার এসআই মলয় কুমার সাহা এগিয়ে গেলে উপমন্ত্রী তাকে উত্তেজিত হয়ে অকথ্য ভাষা গালিগালাজ করেন ও শাসান। এসময় এসআইকে উপমন্ত্রী বলেন, ‘তুই কেন আমাকে নিরাপত্তা দিতে আসছিস? আমি কি তোর কাছে নিরাপত্তা চাইছি। তুই কী আমার নিরাপত্তা দিবি? তুই কয়টা গুলি করতে পারিস, আর আমি কয়টা গুলি করতে পারি তুই দেখবি?’

এসআই মলয় কুমার সাহা অভিযোগ করেন, ‘আমি তথাপিও আমার ওপর অর্পিত দায়িত্বের কথা বললে, উনি আমার অনেক ক্ষতি করে ফেলবেন এবং পেছনে এলে আমার চাকরি খেয়ে ফেলবেন বলে শাসিয়ে দুর্ঘটনাস্থলে গাড়ি রেখেই নবীনগরের দিকে দৌড় দেন। আমি ও সাভার থানার অফিসার উনার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতেই মোবাইল ফোনে ওসি স্যারকে (আশুলিয়া থানা) বিষয়টি জানাই। ওসি স্যার যে কোনো অবস্থায় উনাকে নিরাপত্তা প্রদানের নির্দেশ দেন।’

এরপর উপমন্ত্রী মহোদয় নবীনগর ফ্লাইওভারের কাছে গিয়ে রাজশাহী থেকে ঢাকাগামী খালেক পরিবহনের (ঢাকা মেট্রো ব ১১-৬৮-৪২) সুপারভাইজারকে ধাক্কা মেরে বাসে উঠে যান বলেও জিডিতে উল্লেখ করা হয়। তিনি জিডিতে লেখেন, ‘বিষয়টি ওসি স্যারকে জানালে তিনি বাসে উঠে ভিআইপি নিরাপত্তা দেয়ার নির্দেশ দেন। আমি সরকারি গাড়ি নিয়ে উনার পিছে পিছে যাওয়া শুরু করি। বিএলআর এর গেইটের সামনে থামামাত্র আমি বাসে উঠতে গেলে উপমন্ত্রী মহোদয় আমাকে লাথি মেরে ফেলে দেয়।’

পরে উপমন্ত্রী গাবতলী পৌঁছে বাস থেমে নেমে সিএনজি করে মিরপুর মাজার রোডের দিকে চলে যায়। পরে এসআই ময়ল সাহা আশুলিয়া থানায় ফিরে আসেন।

এঘটনা এসআই মলয় কুমার পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন এবং ঘটনাটি জানিয়ে আশুলিয়া থানায় সাধারন ডায়েরি করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.