আফগানিস্তানে অপহৃত ব্র্যাকের দুই কর্মকর্তা অবশেষে মুক্তিলাভ করেছেন। মুক্তিলাভের পর টেলিফোনে বাংলাদেশে স্বজনদের সঙ্গে কথা বলেছেন মুক্তিপ্রাপ্ত সিরাজুল ইসলাম সুমন।
মুক্তি পাওয়া অন্য কর্মকর্তা হলেন, পাবনা জেলার ফরিদপুর উপজেলার ইঞ্জিনিয়ার শওকত আলী (৫০)। সুমনের বাড়ি পাবনা সদর উপজেলার সিরাজুল ইসলাম সুমন (৩৮)।
জানা গেছে, মুক্তিলাভের পর সোমবার (০৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সিরাজুল ইসলাম সুমন টেলিফোনে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এরপরই জানা যায়, তারা দুজন মুক্তিলাভ করেছেন।
তবে কীভাবে তারা মুক্তিলাভ করেছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বা ব্র্যাকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
১৭ মার্চ আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের বাগলান এলাকায় অফিসে ফেরার সময় অস্ত্রের মুখে ব্র্যাক আফগানিস্তানের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম সুমন ও প্রধান প্রকৌশলী শওকত আলীকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যান।
এদিকে, সুমনের চাচাতো ভাই আব্দুল খালেক খান জানিয়েছেন, সোমবার রাতে সুমন বাবা এজেম উদ্দিন ও মা শাহনাজ পারভীন, স্ত্রী লতা খাতুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেছেন। তারা বর্তমানে সুস্থ আছেন এবং শিগগিরই দেশে ফিরবেন বলে আশা করছেন।