‘ভিআইপিদের জন্য হাসপাতাল তৈরির বিষয়টি স্রেফ গুজব’

করোনা চিকিৎসায় দেশের ভিআইপিদের বিশেষ হাসপাতাল রাখার বিষয়টিকে স্রেফ গুজব বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, চিকিৎসা ক্ষেত্রে ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়ে একটি মহল প্রচারণা চালাচ্ছে।

আজ শুক্রবার দুপুরে সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরির বিষয়টি ‘স্রেফ গুজব’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি যতটুকু জানি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ধরনের কোন প্রস্তাবে সমর্থন দেননি। রোগীকে রোগী হিসাবে দেখবো, এখানে ধনী-দরিদ্র, বিত্তবান-বিত্তহীননের কোন বিষয় নেই। কারণ করোনা দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে কাউকে ছাড় দিবে এমনটা মনে করার কোন কারণ নেই।’

ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশে কেউ কেউ করোনা প্রতিরোধে জাতীয় টাস্কফোর্স গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান করেছেন। কিন্তু সারা দুনিয়ায় করোনা প্রতিরোধে কোথাও টাস্কফোর্স দলীয়ভাবে বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গড়ে তোলার কোন নজির নেই। এসময়ে যার যার দায়িত্ব সতর্কতার সঙ্গে পালন করা দায়িত্বশীলতার পরিচয়। প্রত্যেক রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকা পালনের প্রয়োজন রয়েছে। ভালো পরামর্শ কোন রাজনৈতিক দল যদি সরকারকে দেন, তাহলে অবশ্যই করোনা প্রতিরোধের জন্য সেই ভালো পরামর্শ সরকার সানন্দে গ্রহণ করবেন।

এসময় ওবায়দুল কাদের বিএনপির সমালোচনা করে বলেন, ‘করোনা প্রতিরোধে জাতীয় টাস্কফোর্স বা জাতীয় ঐক্য গড়ে তোলার নামে বিএনপি আজকে অহেতুক বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে। অদৃশ্য শক্তিকে মোকাবেলা করার জন্য আজকে যার যার দায়িত্ব পালন করা উচিত। প্রত্যেকেরই স্বাস্থ্যবিধি মেনে চালাই প্রথম এবং প্রধান কর্তব্য।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.