ভারত বিপুল সংখ্যক চীনা করোনা টেস্ট কিট ক্রয় বাতিল করল

ভারত করোনা ভাইরাস শনাক্ত পরীক্ষায় মাঠ পর্যায়ে ‘ত্রুটিপূর্ণ’ ফল পাওয়ায় প্রায় ৫ লাখ চীনা র‌্যাপিড টেস্টিং কিটের ক্রয়াদেশ বাতিল করেছে ।

বিবিসি জানায়, দেশটির যে কয়টি রাজ্যে চীনের তৈরি এসব র‌্যাপিড টেস্ট কিট ব্যবহৃত হচ্ছিল কেন্দ্রীয় সরকার তাও ফিরিয়ে নিচ্ছে। এ র‌্যাপিড টেস্ট কিট দিয়ে সন্দেহভাজন কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির রক্তে অ্যান্টিবডি আছে কিনা তা শনাক্ত করা হয়। এ ধরনের কিট মাত্র ৩০ মিনিটের মধ্যে ফল দিতে পারায় কোনো সুনির্দিষ্ট এলাকায় নতুন করোনাভাইরাসের সংক্রমণের মাত্রা কেমন কর্তৃপক্ষ তা দ্রুত নির্ধারণ করতে পারে।

নতুন করোনাভাইরাস শনাক্তে পর্যাপ্ত পরীক্ষা হচ্ছে না-এ উদ্বেগ থেকে ভারতের বেশ কয়েকটি রাজ্য দেশটির মেডিকেল রিসার্চ সেন্টারকে (আইসিএমআর) র‌্যাপিড টেস্টিং কিটে পরীক্ষার অনুমতি চেয়ে চাপ দিয়ে আসছিল।

প্রথম দিকে অনাগ্রহী থাকলেও আইসিএমআর পরে দুটি চীনা কোম্পানি থেকে র‌্যাপিড টেস্টিং কিট আমদানির পথে বাধা তুলে নেয়। বিবিসি জানায়, মাঠ পর্যায়ে পরীক্ষার পর ভারতের বিভিন্ন রাজ্য এ কিটগুলোর সঠিক ফল দেয়ার হার মাত্র ৫ শতাংশ বলে অভিযোগ করে।

কোভিড-১৯ শনাক্ত হয়েছে এমন রোগীদের ওপর পরীক্ষা চালানোর পরও অ্যান্টিবডির ক্ষেত্রে কিটগুলো ‘নেগেটিভ’ ফল দেখিয়েছে, বলে জানিয়েছে তারা।

এদিকে এ র‌্যাপিড টেস্টিং কিট করোনাভাইরাস শনাক্ত করতে পারে না। যে কারণে অনেক বিজ্ঞানীই এ কিটের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে ভারতের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন।

মঙ্গলবার ভারতের চীনা দূতাবাসের মুখপাত্র ঝি রং জানান, চীন চিকিৎসা সামগ্রী রপ্তানির ক্ষেত্রে এর গুণগত মানকে অগ্রাধিকার দেয়। পূর্ব ধারণার উপর ভিত্তি করে কিছু কিছু ব্যক্তি যেভাবে চীনের পণ্যকে ‘ত্রুটিপূর্ণ’ বলছেন, তা দায়িত্বজ্ঞানহীন ও অন্যায্য।

Comments (0)
Add Comment