ফ্রান্সে গত ২৭ ডিসেম্বর প্রথম কোনো ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। রাজধানী প্যারিসে করোনা আক্রান্ত ওই ব্যক্তির চিকিৎসক এ তথ্য জানিয়েছেন।
এর মানে হচ্ছে, ইউরোপে করোনা সংক্রমণের যে সময়ে শুরু হয়েছিল বলে এর আগে ধারণা করা হচ্ছিল, তারও অন্তত এক মাস আগে এই অঞ্চলে এই ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হয়।
ডা. ইভস কোহেন ফরাসি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই সময়ে সংগৃহীত নমুনা সম্প্রতি পরীক্ষা করা হয়েছে। এতে কোভিড-১৯ পজিটিভ দেখা গেছে।
সম্প্রতি ওই রোগী পূর্ণ সুস্থ হয়েছেন। কীভাবে কোত্থা থেকে তিনি করোনায় সংক্রমিত হয়েছেন সে সম্পর্কে কোনো ধারণা নেই বলে জানিয়েছেন ওই ব্যক্তি। তিনি কোনো করোনা সংক্রমিত এলাকায় যাননি বলেও দাবি করেছেন রাজধানী প্যারিসের ওই বাসিন্দা।
আক্রান্ত প্রথম ব্যক্তিকে শনাক্ত করার মাধ্যমে কীভাবে একটি অঞ্চলে ভাইরাসের সংক্রমণ শুরু হয় তা জানা যায়।
অ্যাভিসিন অ্যান্ড জিন ডারডিয়ার হাসপাতালের জরুরি ওষুধ বিভাগের প্রধান ডা. চোহেন জানান ৪৩ বছরের ওই ব্যক্তি ববিগনি এলাকা থেকে এসেছিলেন। যে সব লক্ষণ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরবর্তীতে এগুলো করোনাভাইরাসে আক্রান্তের প্রধান লক্ষণ হিসেবে ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে শুকনা কাশি, জ্বর ও শ্বাসকষ্ট। ২৭ ডিসেম্বর ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়। এর চার দিন আগে উহানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা জানিয়েছিলেন, সেখানে অজ্ঞাত এক রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভিকে ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি অসুস্থ হওয়ার আগে কোথাও ভ্রমণ করেননি।