সরকারবিরোধী পোস্ট দেওয়ায় কার্টুনিস্ট কিশোর ও লেখক মুশতাক কারাগারে

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বুধবার দুপুরের পর এই দুজনকে আদালতে হাজির করে রমনা থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক (এসআই) জামশেদুল ইসলাম তাদের মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন দেন। অন্যদিকে দুজনের পক্ষেই জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার জামিন নামঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত মঙ্গলবার কার্টুনিস্ট কিশোরকে কাকরাইল ও লেখক মুশতাককে লালমাটিয়ার বাসা থেকে আটক করে র‌্যাবের একটি দল। এরপর তাদের রমনা থানায় হস্তান্তর করা হয়। ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে এই দুইজনসহ ১১ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা রমনা থানায়।

পুলিশ প্রতিবেদনে বলা হয়, কিশোর তার ‘আমি কিশোর’ ফেসবুক অ্যাকাউন্টে দেশের করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন সমালোচনামূলক কার্টুন-পোস্টার পোস্ট করতেন। আর মুশতাক তার ফেসবুক অ্যাকাউন্টে কিশোরের সেসব পোস্টের কয়েকটি শেয়ার করেছিলেন। অন্যান্য আসামিদের বিরুদ্ধের একই অভিযোগ আনা হয়েছে মামলার এজাহারে।

মামলার এজাহারে আরো বলা হয়েছে, কার্টুনিস্ট কিশোর বিভিন্ন পোস্ট দিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা চালাচ্ছিলেন। একই সঙ্গে জনগণকে বিভ্রান্ত করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে যাচ্ছিলেন। অন্যরা তার এই কাজকে সমর্থন করে একই অপরাধ করছেন।

Comments (0)
Add Comment