করোনায় বিশ্বব্যাপী ঘৃণা, বিদেশিদের ভয় পাওয়া ও গুজবের সুনামি বয়ে চলছে: জাতিসংঘ মহাসচিব

জাতি সংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক মন্তব্য বলেন, করোনাকে কেন্দ্র করে বিশ্বব্যাপী ঘৃণা ও বিদেশিদের ভয় পাওয়া, কাউকে বলির পাঁঠা বানানো এবং আতঙ্ক ও গুজব ছড়ানোর সুনামি বয়ে চলছে। খবর জার্মান ভিত্তিক সংবাদ সংস্থা ডয়েচে ভেলের।

এক বিবৃতিতে গুতেরেস বলেন,’অনলাইনে ও রাস্তায় বিদেশি বিরোধী দৃষ্টিভঙ্গি বেড়েছে, ইহুদি বিরোধী ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়েছে, এবং কোভিড-১৯ সম্পর্কিত মুসলিম বিরোধী হামলার ঘটনা ঘটেছে।’

জাতি সংঘের মহাসচিব বলেন,’অভিবাসী ও শরণার্থীদের ভাইরাসের সূত্র হিসেবে অপবাদ দেয়া হয়েছে এবং তারপর তাদের চিকিৎসা দেয়া হয়নি। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন বয়স্করা। তাদের মেরে ফেলা যেতে পারে এমন নিন্দনীয় মিমও দেখা গেছে।’

এসময় বিভিন্ন স্থানে সাংবাদিক, হুইসেল ব্লোয়ার, স্ৱাস্থ্যকর্মী, ত্রাণ ও মানবাধিকার কর্মীরা তাদের কাজ করছেন বলে তাদেরও টার্গেট বানানো হচ্ছে বলেও মন্তব্য করেন জাতি সংঘের মহাসচিব। এসময় সব মানুষের প্রতি সংহতি দেখাতে রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়া বর্ণবাদী, নারী বিদ্বেষ সহ অন্যান্য ক্ষতিকর কন্টেন্ট সরিয়ে ফেলতে গণমাধ্যম, বিশেষ করে সামাজিক মাধ্যমের প্রতি আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব।

গুতেরেস বলেন, আমি আপনাদের যে যেখানে আছেন সবাইকে ঘৃণার বিরুদ্ধে দাঁড়াতে, একজন আরেকজনকে সম্মান দেখাতে এবং দয়া ছড়ানোর সব সুযোগ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, আমরা কে, কোথায় থাকি, কী বিশ্ৱাস করি কিংবা অন্য কোনো বৈশিষ্ট্যের পরোয়া করে না কোভিড-১৯।

Comments (0)
Add Comment