স্ত্রী হত্যায় সংশ্লিষ্টতা, পদত্যাগ করলেন লিসোথোর প্রধানমন্ত্রী

স্ত্রীকে হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন লিসোথোর প্রধানমন্ত্রী থমাস থাবানে। মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।

থাবানে বলেন, ‘আমি আজকে আপনাদের সামনে এই ঘোষণা দিতে এসেছি যে, আপনারা আমাকে যে দায়িত্বের জন্য নিয়োগ দিয়েছিলেন তা হয়তো শেষ হয়নি। তবে মহা রঙ্গমঞ্চ থেকে অবসরের সময় এসেছে, জনজীবন ও সরকারি দায়িত্ব থেকে দূরে যাওয়ার চূড়ান্ত সময় চলে এসেছে।’

চলতি বছরের প্রথম থেকে আফ্রিকার দক্ষিণাঞ্চলের এই ক্ষুদ্র দেশটির রাজনৈতিক পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। পুলিশ অভিযোগ তোলে, ২০১৭ সালের জুনে সাবেক স্ত্রীকে হত্যার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন থাবানে।

ওই বছর সম্পর্কের তিক্ততার জেরে থমাস ও ৫৮ বছরের লিপোলিওর বিয়ে বিচ্ছেদ হয়। দ্বিতীয় বিয়ের মাত্র দুদিন আগে বন্দুকধারীর গুলিতে নিহত হন লিপোলিও। পরবর্তীতে পুলিশ তদন্তে ঘটনাস্থল থেকে থাবানের ফোন নম্বর ব্যবহারের প্রমাণ পায়। থাবানে অবশ্য হত্যার সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে আসছেন।

Comments (0)
Add Comment