সৌদি আরব করোনা চিকিৎসার সক্ষমতা হারালে চূড়ান্ত নিষেধাজ্ঞায় ফিরবে

সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়া করোনা চিকিৎসার সক্ষমতা হারালে চূড়ান্ত সতর্কতামূলক নিষেধাজ্ঞায় ফিরে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, যদি করোনা রোগীর সংখ্যা চিকিৎসার সক্ষমতা ছাড়িয়ে যায় তবে সৌদি আরব চূড়ান্ত সতর্কতামূলক নিষেধাজ্ঞায় ফিরে আসতে পারে।

শনিবার তিনি আল-আরাবিয়াহকে দেয়া এক সাক্ষৎকারে এ কথা বলেন।

তিনি বলেন, বিধিনিষেধের স্বাচ্ছন্দ্য অব্যাহত রাখতে জনসচেতনতা ও সতর্কতামূলক পদক্ষেপগুলো মেনে চলা অপরিহার্য।

সৌদি স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা প্রতিনিয়ত হাসপাতালগুলোতে গুরুতর রোগীর শারিরীক অবস্থা ও তাদের রোগী গ্রহণের ধারণক্ষমতা পর্যবেক্ষণ করছি। আমরা আমাদের কাছে আসা সব রোগী গ্রহণ করতে ও তাদের প্রয়োজনীয় সেবাদানের জন্য সক্ষম হতে চাই।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে আমরা সবাই একটি নৌকায় আছি। আমরা একটি দল, আমাদের অবশ্যই একসঙ্গে সতর্কতার সাথে কাজ করতে হবে। সব নিয়ম পালন করতে না পারলে আমাদের আগের অবস্থায় ফিরে যেতে হবে।

কিছু পাবলিক প্লেসে ঈদ উদযাপনে অতিরিক্তি জনসমাগম নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেন সৌদি স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, শিশুরাও কোনো প্রকার উপস্বর্গ ছাড়াই ভাইরাসটি অন্যের শরীরে বাহক হিসেবে সংক্রমিত করছে। এসব শিশুদের কাছ থেকে তাদের পরিবারের বয়স্ক লোকদের নিরাপদে রাখারও পরামর্শ দেন তিনি।

সৌদি আরবে ১ হাজার ৬১৮ জন নতুন শনাক্তসহ এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৩৮৪ জন। আর এখন পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৪ হাজার ৫০১ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৫৮ হাজার ৮৮৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।বলা হচ্ছে, ৭০ শতাংশ করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

শনিবার ২২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮০ জনে।

সূত্র: আরব নিউজ

Comments (0)
Add Comment