যুক্তরাষ্ট্র সরকারের একটি প্যানেলের সদস্যদের ভারতে ধর্মীয় স্বাধীনতা পর্যালোচনা করতে আসার ভিসা দেয়নি নয়া দিল্লি। ভারতের দাবি, নাগরিকদের সাংবিধানিক অধিকার যাচাই করতে কোনো বিদেশি সংস্থার এ ধরনের প্রবেশাধিকার নেই।
ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ) ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর, ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর ব্যাপক নির্যাতনের অভিযোগে ঘটনায় বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতকে চীন, ইরান, রাশিয়া ও সিরিয়ার মতো ‘বিশেষ উদ্বেগের দেশ’ হিসেবে তালিকাভূক্তির আহ্বান জানিয়ে আসছে।
নতুন নাগরিকত্ব আইনে সংখ্যালঘু মুসলমানদের বাদ দেওয়ার পর গত এপ্রিলে মোদি সরকারের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছিল সংস্থাটি।
মার্কিন সরকারের দ্বিপাক্ষিক পরামর্শক সংস্থা হিসেবে কাজ করে ইউএসসিআইআরএফ। এটি বিদেশে ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও কংগ্রেসের সুপারিশের জন্য নীতিমালা তৈরি করে। তবে এই নীতিমালা পালনে সরকারের ওপর কোনো বাধ্যবাধকতা নেই।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্কর জানিয়েছেন, সরকার তীব্রভাবে কমিশনের নিরীক্ষাকে প্রত্যাখ্যান করছে। সংস্থাটির ভারতীয় নাগরিকদের অধিকার সম্পর্কে খুব কম জ্ঞানই আছে। কমিশনের এই প্রতিবেদন বিতর্কিত ও পক্ষপাতদুষ্ট বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা ইউএসসিআইআরএফের দলকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছি। তারা ধর্মীয় স্বাধীনতার সঙ্গে সংশ্লিষ্ট ইস্যুতে ভারত সফর করতে চেয়েছিল।’