আবারও রকেট হামলা হয়েছে তাজির মার্কিন সামরিক ঘাঁটিতে

আবারও রকেট হামলা হয়েছে ইরাকের তাজি এলাকায় অবস্থিত সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটিতে।

ইরাকের নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদের উত্তরে অবস্থিত তাজি ঘাঁটিতে শনিবার সন্ধ্যায় দুটি রকেট আঘাত হেনেছে; তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। খবর জেরুজালেম পোস্ট ও নিউইয়র্ক টাইমসের।

মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের পক্ষ থেকেও রকেট হামলার কথা নিশ্চিত করে বিবৃতিতে বলা হয়েছে, তাজি ঘাঁটির যে অংশে বিদেশি সেনাদের অবস্থান, তার বাইরে পড়েছে রকেট দুটি। কোনো ব্যক্তি বা গোষ্ঠী ওই হামলার দায়িত্ব স্বীকার করেনি।

২০১৯ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইরাকের বিভিন্ন মার্কিন ঘাঁটি এবং দূতাবাসে অন্তত ৩০ বার রকেট হামলা হয়েছে।

গত মার্চ মাসে তাজি ঘাঁটিতে রকেট হামলায় আমেরিকার দুজন ও ব্রিটেনের এক সেনা নিহত হয়েছিলেন। এসব হামলার কারণে বাগদাদ ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে।

Comments (0)
Add Comment