করোনার প্রাদুর্ভাবে হজ বাতিলের পরিকল্পনা করছে সৌদি

সৌদি আরব করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবারের হজ বাতিলের পরিকল্পনা করছে। দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এ তথ্য জানিয়েছে।

যে কয়টি দেশে সম্প্রতি করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে তার মধ্যে সৌদি আরব অন্যতম। ইতোমধ্যে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। করোনা সংক্রমণের কারণে গত ফেব্রুয়ারিতে দেশটি ওমরা ও হজ স্থগিতের ঘোষণা দিয়েছিল।

আগামী মাসে হজ অনুষ্ঠানের কথা। তবে ইতোমধ্যে সৌদি কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত না দেওয়ায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই ও সিঙ্গাপুর হজযাত্রা বাতিল করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সৌদির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যালোচনা হয়েছে এবং বিভিন্ন অবস্থা বিবেচনায় নেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে সরকারি সিদ্ধান্ত নেওয়া হবে।’

সারাবিশ্ব থেকে প্রতি বছর প্রায় ২০ লাখ মুসলমান হজ্জ পালনের জন্য সৌদি আরবে ছুটে যান। এবার হজ বাতিল করা হলে তা হবে ১৯৩২ সালে সৌদি রাজতন্ত্র প্রতিষ্ঠার পর প্রথম।

সৌদি আরবের ঐ জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আলোচনায় থাকা প্রস্তাব গুলোর একটি হচ্ছে, কঠোর স্বাস্থ্য সতর্কতায় নজর রেখে সীমিত সংখ্যক মানুষকে হজের অনুমতি দেওয়া। দ্বিতীয় প্রস্তাবটি হচ্ছে, চলতি বছরের জন্য হজ পুরোপুরি বাদ দেওয়া।

Comments (0)
Add Comment