পাকিস্তানে ভারতীয় হাই কমিশনের দুই কর্মকর্তা নিখোঁজ হয়েছেন। বার্তা সংস্থা এএনআই সোমবার (১৫ জুন) দূতাবাস সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে।
সোমবার সকালে সরকারি কাজে দফতরের বাইরে বেরিয়ে তারা নিখোঁজ হন বলে জানিয়েছেন আনন্দবাজার পত্রিকা।
নিখোঁজ দুজনই সিআইএসএফ-এর কর্মীর। তারা দুজনেই গাড়িচালক। এ খবরে উদ্বিগ্ন নয়াদিল্লি। ঘটনাটি নিয়ে পাক প্রশাসনের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি।
কয়েক দিন আগেই পাক দূতাবাসের দুই কর্মীকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিষ্কার করে ভারত। পাক দূতাবাসের ওই দুই কর্মী ভিসা বিভাগে কাজ করতেন। একই সঙ্গে পাক দূতাবাসের ওই দুই কর্মীর দুই গাড়িচালককেও বহিষ্কার করা হয়। ভারতের অভিযোগ, ওই দুজনও চর চক্রে জড়িত ছিল।
বিভিন্ন সূত্রের বরাতে খবরে বলা হয়, এদিন সকালে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের কাজে কোনো একটি গন্তব্যে পৌঁছনোর কথা ছিল সিআইএসএফ-এর ওই দুই কর্মীর। নির্ধারিত সময়ের পর বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও তাদের সন্ধান মেলেনি। সকাল ৮টা থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।পাকিস্তানের মাটিতে ভারতীয় দূতাবাসের দুই কর্মী নিখোঁজ হওয়ার ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন-এর খবরে বলা হয়, অভিযুক্ত দুজনকে সীমান্তরক্ষীরা গ্রেফতারের পর গিলগিট-বালতিস্তানের পুলিশের হাতে সোপর্দ করেছে। গ্রেফতারের পর তাদের কাছ থেকে ভারতীয় মুদ্রা, ভারতীয় পরিচয়পত্র জব্দ করা হয়েছে।
তাদের গ্রেফতারের বিষটি গিলগিটের পুলিশ কর্মকর্তা রাজা মির্জা হাসান গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, তাদের দুইজনকে ভারতীয় কর্তৃপক্ষ গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য পাকিস্তানে পাঠিয়েছে। তারা সীমানা অতিক্রম করার পরপরই গ্রেফতার হন।
এর আগে গত মাসে কাশ্মীরে এক পাকিস্তানি নাগরিকের পায়রাকে গুপ্তচর পায়রা সন্দেহে আটক করে ভারতীয় পুলিশ। পুলিশ সেটিকে সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেয়।
ভারতের কাঠুয়া সীমান্তে চর সন্দেহে আটক পায়রাটিকে পরে মুক্তি দিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ। কুঠুয়ার যে এলাকা থেকে পায়রাটিকে আটক করা হয়েছিল সেখানেই ছেড়ে দেয়া হয়েছে। তবে মুক্তি পাওয়ার পর পায়রাটি তার মালিকের কাছে ফিরেছে কিনা তা জানা যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনটিভির খবরে বলা হয়, ২৮ মে পায়রাটিকে মুক্তি দেয়া হয়। জম্মু-কাশ্মীর পুলিশের এক কর্মকর্তা জানিয়েছিলেন, সীমান্তের যে অংশ থেকে সেই পায়রাকে বাজেয়াপ্ত করা হয়েছিল, সেই এলাকায় ছেড়ে আসা হয়।