করোনাভাইরাস মহা প্রলয় সৃষ্টি করে চলেছে বিশ্বজুড়ে। এরই মধ্যে করনায় প্রাণ নিয়েছে চার লাখ ১৮ হাজারেরও বেশি মানুষের।করনা নির্মূলে সবাই অধীর অপেক্ষায় একটা ভ্যাকসিন/ওষুধের। ভ্যাকসিন তৈরির কাজও অনেকটাই এগিয়েছে। তবে ভ্যাকসিন এলেই কি করোনা নির্মূল হবে? এই প্রশ্ন এখন অধিকাংশেরই মনে। যদিও কোনো সদুত্তর দিতে পারেননি বিজ্ঞানীরা।
লন্ডনের ইম্পিরিয়াল কলেজের গবেষক রবিন শ্যাটকের বক্তব্য, ভ্যাকসিন দিলেই যে সংক্রমণ ধরবে না এমনটা নয়। তবে সংক্রমণের কারণে সৃষ্ট জটিল রোগের হাত থেকে রেহাই পাওয়া যাবে। প্রাণ সংশয়ের ঝুঁকি হয়ত থাকবে না। করোনার ভ্যাকসিন গবেষণা করছেন এমন কয়েকজন ভাইরোলজিস্টের দাবি, ভাইরাস সংক্রমণে শরীরে যে ধরেনর রোগ তৈরি হচ্ছে তাকে সারাতে পারবে ভ্যাকসিন, তবে করোনাভাইরাসকে পুরোপুরি নির্মূল করে ফেলা হয়ত সম্ভব হবে না।
ক্যালিফোর্নিয়ার ইমিউনোলজিস্ট, গবেষক ডেনিস বার্টন। তাঁর মতে, ভ্যাকসিন রোগ সারাতে পারবে কিন্তু সংক্রমণ রুখতে পারবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানচ্ছে, এখনো ১৩৫ রকমের কভিড ভ্যাকসিন তৈরি হওয়ার পথে। তার মধ্যে কিছু ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে মানুষের শরীরে, কিছুর ট্রায়াল হয়েছে পশুদের শরীরে। প্রিক্লিনিক্যাল স্টেজে রয়েছে প্রায় ১২৫ রকমের ভ্যাকসিন।
অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রজেনেকার গবেষকরা বলছেন, করোনা ভ্যাকসিন ক্যানডিডেটের ছোট ছোট ডোজ পশুদের বিশেষ করে বাঁদরের শরীরে প্রয়োগ করে দেখা গেছে নিউমোনিয়া, শ্বাসকষ্টের মতো রোগ রুখতে পেরেছে ভ্যাকসিনের ডোজ। তবে অ্যান্টিবডি তৈরি হচ্ছে ধীর গতিতে এবং বেশি মাত্রায় অ্যান্টিবডি এখনও তৈরি হয়নি। আরএনএ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যে পরিমাণ অ্যান্টিবডি থাকা দরকার সেটা এখনও তৈরি হয়নি পশুদের শরীরে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকসিয়াস ডিজিজের প্রধান অ্যান্থনি ফৌজি বলেছেন, ভ্যাকসিন কভিড-১৯ সংক্রমণ থামিয়ে দিতে পারবে এমনটা বলা যাচ্ছে না, তবে রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে।
সূত্র : দ্য ওয়াল।