করোনার জীবন রক্ষাকারী ওষুধ পাওয়া গেছে: বিবিসি

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জীবন বাঁচানোর ক্ষেত্রে ডেক্সামেথাসোন নামের একটি সস্তা ও সহজলভ্য ওষুধ সহায়ক হতে পারে বলে একটি পরীক্ষায় উঠে এসেছে।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এই ওষুধ ব্যবহার করলে ভেন্টিলেটারে থাকা রোগীদের মৃত্যুর ঝুঁকি এক তৃতীয়াংশ কমানো যাবে। আর যাদের অক্সিজেন দিয়ে চিকিৎসা করা হচ্ছে ক্ষেত্রে মৃত্যুর হার এক পঞ্চমাংশ কমানো যাবে।

জাতিসংঘের বিশেষজ্ঞরা মনে করেন, প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে স্বল্প মাত্রার এই স্টেরয়েড চিকিৎসা একটা যুগান্তকারী আবিষ্কার।

গবেষকরা ধারণা করেছেন, যদি শুরু থেকেই যুক্তরাজ্যে করোনা মহামারী রোধে ওষুধটি ব্যবহার করা হত, তবে ৫ হাজার মানুষের জীবন বাঁচানো যেত।

গবেষকেরা জানান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি দলের নেতৃত্বে এই পরীক্ষায় ডেক্সামেথাসোন পরীক্ষামূলক প্রয়োগের ক্ষেত্রে ওষুধ নেয়া ও না নেয়া ৪ হাজার রোগীর অবস্থা মিলিয়ে দেখা হয়েছে।

ডেক্সামেথাসোন প্রয়োগে ভেন্টিলেটরে থাকা রোগীদের ক্ষেত্রে  মৃত্যুর ঝুঁকি ৪০ শতাংশ থেকে কমিয়ে ২৮ শতাংশ করেছে। আর অক্সিজেন সাপোর্টে থাকা রোগীর ক্ষেত্রে  মৃত্যুর ঝুঁকি ২৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করেছে।

মানুষের দেহে যখন অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে শুরু করে, তখন তাকে বলে সাইটোকাইন স্টর্ম। এটি রোগীর মৃত্যুর কারণ হতে পারে। এ ক্ষেত্রে ডেক্সামেথাসোন বেশ কার্যকর বলে গবেষণায় দেখা গেছে।

Comments (0)
Add Comment