আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আটকে থাকা ১২২ জন ভারতীয় নাগরিক সীমান্ত পথে নিজ দেশ ফিরে গেছেন। ভারতে লকডাউনের কারণে দীর্ঘ তিন মাসেরও বেশি সময় তারা বাংলাদেশে আটকে ছিলেন।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে তাদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে শুক্রবার দুপুর ১২টার দিকে ১২২ জন পাসপোর্টধারী ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরে যান। এর আগে বৃহস্পতিবার ১১৯ জন ভারতীয় নাগরিক এ পথে দেশে ফিরে যান।
আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা আবদুল হামিদ জানান, করোনা পরিস্থিতিতে বাংলাদেশে যে সব ভারতীয় নাগরিক আটকে ছিলেন ভারতীয় হাইকমিশনে তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে দ্বিতীয় দফায় দ্বিতীয় দিনে ১২২ জন ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরে গেছেন।
তিনি বলেন, গত বৃহস্পতিবার দ্বিতীয় দফায় প্রথম দিনে ১১৯ জন ভারতীয় নাগরিক তাদের নিজ দেশে ফিরে যান। এতে দুই দিনে মোট ২৪১ জন ভারতীয় নাগরিক তাদের নিজ দেশে ফিরে যান।
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে গত ২৮ মে প্রথম দফায় ১০৬ জন পাসপোর্টধারী ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরে যান বলে জানান ইমিগ্রেশন কর্মকর্তা।