ভারতে একদিকে করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণ,
আরেকদিকে সীমান্ত নিয়ে চীন ও নেপালের সঙ্গে চলছে উত্তেজনা।
এবার পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুললো রাজধানী দিল্লিতে জঙ্গি হামলার শঙ্কা।
কেন্দ্রীয় গোয়েন্দাদের তথ্য অনুযায়ী দিল্লি পুলিশ বাহিনী জানতে পেরেছে,
জঙ্গি হামলা চালাতে ৪ থেকে ৫ জন জঙ্গি জম্মু-কাশ্মীর থেকে রাজধানী দিল্লিতে ঢুকেছে।
আরও কয়েক জন ঢোকার চেষ্টা চালাচ্ছে। এই তথ্য পাওয়ার পরই দিল্লিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
ইন্ডিয়ান এক্সপ্রেস ও টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে জানিয়েছে,
বিভিন্ন সূত্রে কেন্দ্রীয় গোয়েন্দারা তথ্য পেয়েছেন যে জম্মু-কাশ্মীর থেকে সড়কপথে দিল্লিতে ঢুকেছে জঙ্গিরা।
গোয়েন্দাদের মতে বাস, ট্যাক্সি বা ট্রাকে করে জঙ্গিরা ঢুকে থাকতে পারে।
দিল্লি পুলিশ সূত্রে খবর, ক্রাইম ব্রাঞ্চ ও স্পেশাল সেলকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
একই সঙ্গে রাজ্যের ১৫টি পুলিশ জেলাতেই পাঠানো হয়েছে চূড়ান্ত সতর্কতা।
গোয়েন্দা তথ্য পাওয়ার পরই শহরের সব হোটেল ও লজে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা।
শহরের সমস্ত বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও বাজার এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে।
রাজধানীতে ঢোকা ও বেরোনোর প্রত্যেক পয়েন্টে চলছে কঠোর চেকিং।
গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। কাশ্মীরের নম্বর প্লেটওয়ালা গাড়িগুলোতে চালানো হচ্ছে ব্যাপক তল্লাশি।