করোনা বিশ্বের বিভিন্ন দেশগুলোর সরকারকে স্বৈরাচারী করে তুলেছে।
তাদের এই আচরণ ক্রমাগত হুমকিতে ফেলছে গণতন্ত্রকে।
এ বিষয়ে সতর্ক করেছেন শতাধিক প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, নোবেল বিজয়ী ও আইনপ্রণেতা।
গত বছর ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার প্রাদুর্ভাব ঘটে। এরপর থেকে তা ছড়িয়ে পড়তে শুরু করে সারা বিশ্বে।
ইউরোপের পর এশিয়া, আমেরিকা এবং বর্তমানে আফ্রিকার দেশগুলোতে ব্যাপক হারে সংক্রমণ ঘটাচ্ছে।
সংক্রমণ বিস্তার রোধে লকডাউন ও বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে নাগরিকদের স্বাধীন চলাচল, বাকস্বাধীনতা, জনসমাবেশ ও অন্যান্য নাগরিক অধিকার সীমিত হয়ে গেছে।
স্টকহোম ভিত্তিক ইনিস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিসটেন্সের (আইডিইএ) খোলা চিঠিতে বলা হয়েছে,
‘এটা বিস্ময়ের নয় যে, স্বৈরাচারী শাসকরা সংকটকে তাদের সমালোচককে চুপ রাখতে এবং তাদের রাজনৈতিক মুষ্টিকে আরও মজবুত করতে ব্যবহার করছে।’