ওষুধ কারখানার বিষাক্ত গ্যাসে ভারতে নিহত ২

সোমবার রাত সাড়ে ১১টার দিকে ভারতের বিশাখাপত্তনমে একটি ওষুধ কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক করে  আবারও মারা গেছে দুজন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও চারজন।

শহরের পারওড়ারা এলাকার একটি ওষুধ কারখানা থেকে গ্যাস লিক শুরু হয়। কর্মীরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। খবর এনডিটিভির।

পুলিশ এ দুর্ঘটনা কীভাবে ঘটল তা খতিয়ে দেখছে। এ ক্ষেত্রে কারও গাফিলতি ছিল কিনা তাও তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন উদয় কুমার।

মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি ঘটনার সবিস্তার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন।

পুলিশের শীর্ষ কর্মকর্তা উদয় কুমার জানান, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও দমকল বাহিনী গিয়ে উদ্ধারকাজ শুরু করে। বন্ধ করে দেয়া হয়েছে গোটা কারখানাটি।

উদয় কুমার আরও জানিয়েছেন, খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় প্রাণহানি কম হয়েছে। যে দুজনের মৃত্যু হয়েছে এবং যারা অসুস্থ হয়েছেন, তারা ওই কারখানারই কর্মী।

শহরতলির কাছে বিশাখাপত্তনমের দক্ষিণ  গোপালপত্তনম এলাকায় গত মাসেও একটি রাসায়নিক কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক করে দুই শিশুসহ ১১ জন মারা যান।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, গোপালপত্তনমের ঘটনা থেকে শিক্ষা নিয়েই এবার তত্পরতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেছে। কর্মীরা আগে থেকেই সতর্ক হওয়ায় কারখানার বাইরে গ্যাস ছড়িয়ে পড়তে পারেনি। তা না হলে অনেক বড় বিপদের সম্ভাবনা ছিল।বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

Comments (0)
Add Comment