ইহুদিবাদী ইসরাইলকে লেবাননের উপকূল থেকে তেল এবং গ্যাস উত্তোলনের ব্যাপারে হুশিয়ার করেছে লেবানন।
লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন সোমবার বলেছেন, লেবাননের উপকূলে কাউকে তেল-গ্যাস অনুসন্ধানের সুযোগ দেবে না বৈরুত। খবর ইরনার।
লেবাননের একটি গ্যাসক্ষেত্রের কাছে ইসরাইল তেল ও গ্যাস অনুসন্ধানের কাজ চালানোর ব্যাপারে সম্প্রতি লাইসেন্স ইস্যু করার একদিন পর লেবাননের প্রেসিডেন্ট এই হুশিয়ারি দিলেন।
প্রেসিডেন্ট আউন আরও বলেন, আগামী এক মাসের মধ্যে ওই এলাকায় লেবানন তেল এবং গ্যাস উত্তোলন শুরু করবে। ইসরাইল যদি ওই এলাকায় তেল ও গ্যাস উত্তোলনের চেষ্টা করে তাহলে পরিস্থিতি জটিল হবে বলেও জানান তিনি।
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে ২০০৬ সালে ৩৩ দিনের যুদ্ধের পর ১৭০১ নম্বর প্রস্তাবের মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি করে।
লেবানন ও ইসরাইলের মধ্যে সম্প্রতি সীমান্তে দেয়াল নির্মাণ, হিজবুল্লাহর অবস্থান ও ভূমধ্যসাগরে তেল-গ্যাসের ব্লক নিয়ে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।