যুক্তরাষ্ট্রে চীনের চর সিঙ্গাপুরের নাগরিক!

সিঙ্গাপুরের এক নাগরিক যুক্তরাষ্ট্রে চীনের চর হিসেবে কাজ করার কথা স্বীকার করেছেন। এ ঘটনার মাধ্যমে বেইজিং-ওয়াশিংটন চলমান উত্তেজনায় যোগ হলো নতুন মাত্রা।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ‍জুন ওয়েই ইয়ো নামে ওই ব্যক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য চীনা গোয়েন্দাদের কাছে পাচার করার অভিযোগ আনা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রে একটি রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান চালান। তিনি সেখানে ডিকসন ইয়ো নামেও পরিচিত।

এছাড়া চীনা সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য গোপন করে যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে আসা একজন চীনা গবেষককেও আটক করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা।

গতকাল শুক্রবারই দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চেংদু শহরে মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে চীন। মেধাস্বত্ব সুরক্ষায় গত বুধবার যুক্তরাষ্ট্র হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশনা দেয়ার পাল্টা পদক্ষেপ হিসেবে এ নির্দেশ দিয়েছে শি জিনপিংয়ের সরকার।

চীনের হিউস্টন কনস্যুলেট বন্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, মেধাস্বত্ব চুরির কারণে বেইজিংয়ের বিরুদ্ধে এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে ওয়াশিংটন। শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপিয়ান মেধাস্বত্বও চুরি করেছে চীন, যাতে হাজারো মানুষের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে।

বেশকিছু ইস্যুতে চলতি বছরের শুরু থেকেই বেড়ে চলেছে যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ২০১৮ সাল থেকে বহুবার বাণিজ্যিক ইস্যু নিয়ে বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক বিরোধে জড়িয়েছে। চলতি বছর চীন থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস ইস্যুতেও বেইজিংকে দোষারোপ করেছে ওয়াশিংটন। তাদের বিরুদ্ধে তথ্য গোপন ও ভাইরাসটি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনেছে।

গত মাসে হংকংয়ের ওপর নতুন জাতীয় নিরাপত্তা আইন প্রণয়ন করেছে চীন। এ নিয়েও দুই পক্ষের মধ্যে তিক্ততা বেড়েছে। ক্রমেই বেড়ে চলেছে উত্তেজনা। সর্বশেষ দুই দেশের মধ্যে কনস্যুলেট বন্ধের ঘটনা তাদের দ্বন্দ্বকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে।

সূত্র: বিবিসি

Comments (0)
Add Comment