ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির বিনিময়ে মুক্তির প্রস্তাব দেয়া হয়েছিল কাইলিকে!

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ১০ বছরের সাজা ভোগ করছেন ব্রিটিশ-অস্ট্রেলিয়ান নারী কাইলি মুর-গিলবার্ট। দুই বছরের মতো তেহরানের জেলে থাকলেও সদ্যই মরু অঞ্চলের কুখ্যাত এক জেলে পাঠানো হয়েছে তাকে। অভিযোগ উঠেছে, এত কঠোরতার কারণ ইরানের প্রস্তাবে রাজি না হওয়া। ইসলামী প্রজাতন্ত্রটি তাকে তাদের হয়ে গুপ্তচরবৃত্তির প্রস্তাব দিয়েছিল এবং তাতে মিলতো মুক্তিও। যদিও মুর-গিলবার্ট তাতে রাজি হননি।

২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ইরানের কারাগারে রয়েছেন মেলবোর্ন ইউনিভার্সিটির লেকচারার কাইলি। এ নারী অবশ্য তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন।

অস্ট্রেলিয়া সরকার বলছে, মিসেস মুর-গিলবার্টের ‘নিরাপত্তা ও মঙ্গল’ নিশ্চিত করার ক্ষেত্রে ইরান দায়িত্বশীলতার পরিচয় দেবে এবং জরুরি ভিত্তিতে তার সঙ্গে সাক্ষাতের ইচ্ছাও প্রকাশ করছে। আজ অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘মুর-গিলবার্টের বিষয়টি অস্ট্রেলিয়া সরকার ও আমাদের তেহরান দূতাবাসের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।’

বিবৃবিতে জানানো হয়, মানবাধিকার কর্মীদের কাছে ইরান সরকার নিশ্চিত করেছে, মুর-গিলবার্টকে কুখ্যাত কারচক জেলে পাঠানো হয়েছে। মূলত ইরানের রাজনৈতিক বন্দিদের শাস্তি হিসেবে এই জেলে পাঠানো হয়। এখানে একটি সময় ছিলেন এমন ব্যক্তির ভাষ্যমতে, জেলটি অতীব ভয়ংকর।

এতদিন রাজধানী তেহরানের এভিন জেলে ছিলেন মুর-গিলবার্ট। তার এক বন্ধু জানিয়েছেন, প্রায় দুই বছর একটি কক্ষের মেঝেতে ঘুমাতে হয়েছে মেলবোর্ন ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য রাজনীতি বিষয়ের এই লেকচারারকে।

তাকে কখনো নির্জনে একাকী রাখা হয়েছে। তিনি একাধিকবার অনশনও করেছেন। চিরকুট লিখে কিংবা জেলের দেয়ালে লিখে নতুন আসা বন্দিদের সান্ত্বনা দেয়ায় তাকে মারধর করা হয়েছে বলেও জানান তিনি। ইরানের মানবাধিকার সেন্টারের পরিচালক হাদি ঘায়েমি বলেন, ‘কারচক জেল হলো সাধারণ বন্দিদের জন্য এবং জনাকীর্ণ। এখানের কিছু কিছু বন্দি বেশ বিপজ্জনক।’

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি করলে তাকে মুক্তি দেয়া হবে, এমন প্রস্তাবে রাজি হননি মুর-গিলবার্ট। এ কথা মনে করিয়ে দিয়ে ঘায়েমি বলেন, ‘সে সহযোগিতা করতে রাজি না হওয়ায় তার প্রতি খুশি নয় তারা (ইরান)।’

তার এক পারিবারিক বন্ধু জানিয়েছেন, অস্ট্রেলিয়া সরকার এ ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ নিচ্ছে না। জেলে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য তার কাছে নাকি পর্যাপ্ত অর্থও নেই।

তিনি এখন নিজের মানসিক স্বাস্থ্য নিয়েও চিন্তিত। বলেছেন, ‘আমি গুপ্তচর নই। আমি কখনই এটি ছিলাম না। কোনো দেশেরই গুপ্তচর সংস্থার হয়ে কাজ করার ইচ্ছা আমার নেই। মনে হয় আমি গভীর মানসিক সমস্যার মধ্যে পড়তে যাচ্ছি।’ পরিবারের সঙ্গে কোনো ধরণের ফোন কলের সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি। নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, তিনি এমন অপরাধে শাস্তি পাচ্ছেন যে অপরাধ করেনইনি।

সূত্র: বিবিসি

Comments (0)
Add Comment