অবিভক্ত হিন্দু পরিবারের সম্পত্তিতে মেয়েদের পক্ষে রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার দেশটির শীর্ষ আদালত জানিয়েছে, হিন্দু পরিবারে বাবার সম্পত্তিতে ছেলে ও মেয়ের সমান অধিকার থাকবে।
এদিন বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই ঐতিহাসিক রায় দেন।
ভারতীয় সুপ্রিম কোর্ট জানিয়েছে, ২০০৫ সালের হিন্দু উত্তরাধিকার (সংশোধিত) আইন অনুসারে অভিভাবকের সম্পত্তিতে মেয়েদের স্বীকৃত অধিকার থাকবে।
অর্থাৎ, সম্পত্তিতে ছেলেরা যতটুকু অংশীদার, মেয়েরাও ততটুকুই পাবে।
রায় অনুসারে, সংশোধনী আইন প্রণয়নের আগে যদি বাবা মারা যান, তাহলেও ছেলে-মেয়ের সমানাধিকার প্রযোজ্য হবে। আর যদি মেয়ে মারা যান, তাহলে তার সন্তান সেই সম্পত্তির অধিকার ভোগ করবে।