ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায়, এটাই দিল্লির বিশেষ বার্তা

করোনার মহামারীর মধ্যে ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা ঢাকা সফর নিয়ে নানা রকম গুঞ্জন ছিল। সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছিল যে তিনি দিল্লির বিশেষ বার্তা পৌঁছে দিতেই দুদিনে সফরে এসেছেন। কী সেই বার্তা?  এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, ওনারা (ভারত) বাংলাদেশকে এতটাই গুরুত্ব দিচ্ছে যে, উনি এই বার্তা নিয়ে এসেছেন যে, এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশের সঙ্গে ওনারা সম্পর্কটা উন্নত করতে চান।

আজ বুধবার (১৯ আগস্ট) রাজধানীর একটি হোটেলে দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে গণমাধ্যমে এসব কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব।

তিনি বলেন, দিল্লির বিশেষ বার্তা হচ্ছে, আসলে করোনার কারণে কোনো দেশের সঙ্গেই কোনো দেশের সম্পর্ক স্বাভাবিক নেই। সেইটার এক ব্রেক থ্রো হিসেবে দেখছি। এ করোনার সময় এটা ওনার প্রথম সফর। উনি আমাকেও আমন্ত্রণ জানিয়েছেন। অন্যান্য সময় আমরা যাতায়াত করতাম। কিন্তু বর্তমানে সেটা হচ্ছে না।

এ সময় মাসুদ বিন মোমেন বলেন, করোনার টিকা ভারত তৈরি করতে পারলে সেটা শুধু ভারতের জন্যই নয়, বাংলাদেশেও দেয়া হবে। বাংলাদেশেও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ভারতীয় প্রতিষ্ঠানগুলোর যৌথ কোনো কাজ করার সুযোগ থাকলে সেটা করা হতে পারে।

বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশকে সহায়তা করবে বলে ভারতীয় পররাষ্ট্রসচিব প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান মাসুদ বিন মোমেন।

এছাড়াও সম্প্রতি ভারতের কিছু গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ‘যে আপত্তিকর খবর প্রকাশ করা হচ্ছে’ সে বিষয়ে আলোচনা হয়েছে এবং এসব বন্ধে দুই পররাষ্ট্রসচিব একমত হয়েছেন।

Comments (0)
Add Comment