মধ্যপ্রাচ্য ফেরত ২১৯ বাংলাদেশি কারাগারে

সরকার ও রাষ্ট্রবিরোধী মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে মধ্যপ্রাচ্য ফেরত ২১৯ জন বাংলাদেশিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এ আদেশ দেন।

তুরাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সফিউল্লাহ আসামিদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়, কুয়েতে ১৪১ জন, কাতারে ৩৯ জন এবং বাহরাইনে ৩৯ জনসহ মোট ২১৯ জন প্রবাসী বাংলাদেশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য সেসব দেশের কারাগারে ছিলেন।
এরপর তারা দেশে ফিরলে তাদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়। তারা বিদেশে অপরাধ করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।
জনস্বার্থে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

আবেদনে আরো বলা হয়, তারা হোম কোয়ারেন্টিন সেন্টারে থাকাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও রাষ্ট্রবিরোধী মিথ্যা তথ্য প্রচার এবং বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা করেছেন।
এছাড়া বিদেশফেরতদের নাম-ঠিকানাও যাচাই-বাছাই করা হয়নি।
এ অবস্থায় তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

Comments (0)
Add Comment