লেবাননে হিজবুল্লাহর চৌকিতে ইসরাইলি বিমান হামলা

লেবাননের  হিজবুল্লাহর কয়েকটি সীমান্ত চৌকিতে বুধবার সকালে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এর আগে লেবানন থেকে ইসরাইলি সেনাদের দিকে গুলি করার অভিযোগ করা হয়েছে। ইসরাইলি সেনাবাহিনীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

লেবাননের ভূখণ্ড থেকে ওই গুলিবর্ষণের ঘটনায় কোনো ইসরাইলি সেনা আঘাত পায়নি। এই গুলিবর্ষণের জবাবে ইসরাইলি সেনারা ইলুমিনেশন ফ্লেয়ার, স্মোক শেল ও পাল্টা গুলিবর্ষণ করে বলে জানিয়েছে ইসরাইলি বাহিনী।

দখলদার দেশটির সেনাবাহিনী জানায়, গুলিবর্ষণের জবাবে রাতে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) অ্যাটাক হেলিকপ্টারগুলো ও বিমান সীমান্ত এলাকায় হিজবুল্লাহর পর্যবেক্ষণ পোস্টগুলোতে আঘাত হেনেছে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টাসহ এক দল ইসরাইলি প্রতিনিধি সোমবার সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছে।

মধ্যপ্রাচ্যের দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের পর তা আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে আলোচনা করতেই তাদের এই সফর।

Comments (0)
Add Comment