মার্কিন নারী সেনা কর্মকর্তা সেজে ফেসবুকে প্রতারণা, ১৫ নাইজেরীয় গ্রেফতার

আমেরিকান নারী সেনা কর্মকর্তা কিংবা সুন্দরী কোন নারী সেজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক আইডি খুলে বন্ধুত্ব করে মিলিয়ন ডলারের গিফট দেওয়ার নামে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করছে একটি চক্র। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রটির ১৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃত সবাই নাইজেরিয়ান নাগরিক।

আজ শুক্রবার রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান এডিশনাল ডিআইজি শেখ রেজাউল হায়দার। তাদের গ্রেফতারের সময় প্রতারণার কাজে ব্যবহৃত ৯টি ল্যাপটপ, ২২টি মোবাইল ও ৫টি হিসাবের ডায়েরি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন এনজুবেচুকোউ এউগেন দারা (৩০), চুয়াউমা জন ওকেচুকোউ (৪০), উচেন্না দামিয়ান এমেইসিয়ানি (৩০), চিসম অ্যান্থনি একোয়েঞ্জি (৩৫), সাইমন ইফেচুকোউয়েদে ওকাফর (৩০), হেনরি ওসিতা ওকেচুকোউ (৩১), আইফিনয়ি জনপল চিনউইজে (৩২), ওকেকে পিটার (৩২), এমেকা দোনাতাস (৪৮), গোজি ওনইয়েদো (৪৭), পিটার চিকা আকপু (৪৮), ওবিন্না সানডে (৪০), এনওয়ান্না ইয়াং (৩৪), জেরেমিয়াহ চুকউদি এজেওবি (৩৪) ও স্টিফেন ওজিওমা ওবাইকোয়েজে (৩৪)।

তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পল্লবী থানায় একটি মামলা করা হয়েছে।

ব্রিফিংয়ে জানানো হয়, এই প্রতারক চক্রটি মার্কিন নারী সেনা কর্মকর্তা বা সুন্দরী কোন নারীর পরিচয়ে আইডি খুলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মানুষের সাথে বন্ধুত্ব করে ইনবক্সে নানারকম আকর্ষণীয় ছবি পাঠিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে। একপর্যায়ে ম্যাসেজের মাধ্যমে প্রতারক জানান যে তিনি ইয়েমেন, আফগানস্তান কিংবা যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়াতে কর্মরত আছেন।

এমন একটি প্রতারণার ফাঁদের পড়েছিলেন ফরহাদ হোসেন তালুকদার নামে এক বাংলাদেশী। তার বরাত দিয়ে সিআইডি বলছে, প্রতারক ফরহাদকে জানিয়েছেন যে তার কাছে কয়েক মিলিয়ন ডলার রয়েছে। কিন্তু ওই দেশে যুদ্ধ চলমান থাকায় যে কোন সময় তার সম্পদ নষ্ট হতে পারে। তাই সেই সম্পদ বন্ধু হিসেবে উপহার পাঠানোর প্রস্তাব করেন। এমনকি তিনি এও বলেন যে, যদি তিনি বেঁচে থাকেন তাহলে পরে কোন একসময় তা ফেরত নিবেন।

চক্রটি এ ধরনের প্রলোভন দিয়ে প্রথমে বন্ধুদের ঠিকানাসহ মোবাইল নম্বর নেয় এবং ওই ঠিকানায় পাঠানোর জন্য বানানো প্যাকেটের ছবিও মেসেঞ্জারে বা হোয়াট্স অ্যাপে পাঠান। পরবর্তী মেসেজে যে কোন একটি এয়ারলাইন্সে গিফট প্যাকেটটি বুকিং দেওয়া হয়েছে এমন রিসিট পাঠায়। ঠিক দুদিন পর বন্ধুর (ভিকটিমদের) মোবাইলে ফোন করে ভিডিও কলে এয়ারপোর্ট কাস্টমস অফিসে থাকা গিফট প্যাকেট দেখায় এবং কাস্টমস এর ভ্যাট বাবদ বিভিন্ন ধাপে টাকা নিতে থাকে।

ঠিক এভাবেই ফরহাদ হোসেন তালুকদার বিভিন্ন একাউন্টে এখন পর্যন্ত ৫ লাখ ২৫ হাজার টাকা পাঠিয়েছেন। পরবর্তীতে সংবাদমাধ্যমে এই প্রতারক চক্র সম্পর্কে জেনে আর নতুন করে কোন টাকা না পাঠিয়ে সিআইডিকে বিষয়টি জানান। বিষয়টি আমলে কাজ শুরু করে সিআইডি। পরবর্তীতে ফরহাদের কাছে ওই চক্রের আবারো ফোন আসলে সিআইডি কারিগরি সহায়তায় ফোনকারী কাস্টমস কর্মকর্তা পরিচয়দারীকারীকে মোবাইল, ল্যাপটপসহ বিপুল পরিমান আলামতসহ চক্রটির বেশ কয়েকজনকে গ্রেফতার করে।

সিআইডি জানিয়েছে, এ পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি, এতে দেখা যায় তারা ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, ফিলিপাইন, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের মানুষকে বোকা বানিয়ে গিফট দেওয়ার নামে প্রতারণামূলকভাবে স্ব-স্ব দেশের সহযোগী ও ব্যাংক একাউন্টের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় হল এরা একটি আন্তর্জাতিক প্রতারক চক্র, তাদের সহযোগীরা উল্লেখিত প্রত্যেকটি দেশে অবস্থান করছে।

এর আগে একইরকম অভিযোগে গত ২ জুলাই তিনজন এবং ২১ জুলাই ১৩ জনকে গ্রেফতার করে সিআইডি। ঠিক একই রকম প্রক্রিয়ায় এই ১৫ জনকেও গ্রেফতার করা হয়েছে। কিন্তু প্রত্যেক ঘটনায় প্রতারণার টাকা গ্রহণে ব্যবহৃত এক বা একাধিক ব্যাংক একাউন্ট হোল্ডারের নাম মিল পেয়েছে সিআইডি। ধারণা করা হচ্ছে, এরা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকলেও মূলত একই সংঘবদ্ধ একটি চক্র।

Comments (0)
Add Comment