পর্তুগালে করোনা সংক্রমণ থেকে বাঁচতে আসছে মোবাইল অ্যাপস

হাসান তামিম, পর্তুগাল থেকে : ইউরোপের মূল ভূখণ্ডের শেষ সীমানায় অবস্থিত মনোরম সৌন্দর্যের দেশটির সরকার তাদের জনগণকে করোনাভাইরাস থেকে রক্ষার জন্য জুলাই মাসে STAYAWAY COVID নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির প্রকল্প হাতে নেয়। ২৯ আগস্ট ব্যবহারকারীদের জন্য অ্যান্ড্রয়েড এবং আইফোন মোবাইল ডিভাইসে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়।

১৭ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত এ অ্যাপ্লিকেশনটির সম্ভাব্যতা যাচাই করা হয়। মোবাইল ফোনের ব্লুটুথ এবং লোকেশন সার্ভিসের মাধ্যমে আশপাশে যদি কোনো করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি বা কোন ঝুঁকি থাকে তাহলে এ অ্যাপটি সতর্ক করবে ২ মিটার দূরত্ব বজায় রাখার জন্য। আর অ্যাপ ব্যবহারকারী ব্যক্তি যদি কোনো কারণে উল্লিখিত ঝুঁকির সংস্পর্শে চলে আসেন তাহলে তাকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার বিষয়ে নির্দেশনা দেবে বা এই অ্যাপ্লিকেশনের অ্যালার্ট মোতাবেক ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে কোভিড ১৯ টেস্ট করানো যাবে।

তাছাড়া এ অ্যাপটিতে বর্তমান মহামারীর প্রেক্ষাপটে হালনাগাদ স্বাস্থ্য নির্দেশিকা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

উল্লেখ্য, পর্তুগাল ইমিগ্র্যান্ট এবং টুরিস্ট অধ্যুষিত দেশ হওয়ার কারণে উক্ত মোবাইল অ্যাপ্লিকেশন ইংরেজি ভাষায় তৈরি করা হয়েছে, যাতে সবাই এটি ব্যবহার করতে পারেন এবং সেই কারণেই অ্যাপ্লিকেশনটি এখানে অবস্থিত প্রবাসী বাংলাদেশিরা সহজেই ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে কেন্দ্রীয় ডাটাবেজের মতো করোনাভাইরাস সম্পর্কে মানুষ তথ্য জানতে পারবে।

পর্তুগাল সরকার এবং আই এন ই এস সি টেক এর যৌথ প্রযোজনায় এ মোবাইল অ্যাপ্লিকেশনটি তৈরি করা হয়েছে। বিনামূল্যে এ মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা যাবে এবং এটির ব্যবহারের মাধ্যমে করোনা সংক্রমণ থেকে বেঁচে থাকার আরেকটি উপায় হিসেবে কাজ করবে।

Comments (0)
Add Comment