কম্বোডিয়া, পোল্যান্ড, চীন, রোমানিয়া ও ক্রোয়েশিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগ

বিকল্প শ্রম বাজারের অংশ হিসেবে কম্বোডিয়া, পোল্যান্ড, চীন, রোমানিয়া ও ক্রোয়েশিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগ গ্রহণ করার কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে কমিটি এসব দেশে কর্মী পাঠানোর উদ্যোগ দ্রুত বাস্তবায়নের সুপারিশ করেছে।

কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইমরান আহমদ, অধ্যাপক মো. আলী আশরাফ, মোয়াজ্জেম হোসেন রতন, আয়েশা ফেরদাউস এবং পংকজ নাথ অংশগ্রহণ করেন।

বৈঠকে প্রবাসে অবস্থানরত জনশক্তির শ্রমবাজার যেন সংকুচিত না হয় সে জন্য বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোর কুটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার পরামর্শ দেয়া হয়।

এছাড়া করোনা ভাইরাসের কারণে বিভিন্ন দেশে কর্মহীন হয়ে পড়া বাংলাদেশী কর্মীরা করোনা পরবর্তী সময়ে যেন পুনরায় সে দেশে যেতে পারেন এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছে কমিটি। প্রবাসে অবস্থানরত এবং প্রবাস ফেরত কর্মীদের সহায়তা করতে বাংলাদেশ মিশনের শ্রম কল্যাণ উইংয়ের মাধ্যমে দুস্থ ও কর্মহীন হয়ে পড়া প্রবাসী কর্মীদের মধ্যে বিশেষ বরাদ্দের প্রায় ১১ কোটি টাকার ওষুধ, ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বলে কমিটিকে অবহিত করা হয়।

বিদেশ ফেরত কর্মীদের রিইন্টিগ্রেশনের জন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।

Comments (0)
Add Comment