ফিলিস্তিনের প্রতি সৌদি আরবের অবস্থানের কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে সৌদি আরব। সৌদির আকাশসীমায় আরব আমিরাতের সব বিমান চলাচলের অনুমতি থাকলেও ফিলিস্তিনের প্রতি সৌদির অবস্থান আগের মতো থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।
গত বুধবার (২ সেপ্টেম্বর) প্রিন্স ফয়সাল এ কথা জানিয়েছেন। ফয়সাল বলেন, ‘আরব আমিরাতের বিমান চলাচল করতে সৌদির আকাশসীমা ব্যবহারের অনুমতি দিলেও ফিলিস্তিন ও ফিলিস্তিনবাসীর প্রতি সৌদির অবস্থানের কোনো পরিবর্তন হবে না। তিনি আরো বলেন, আরব শান্তি উদ্যোগের আলোকে টেকসই শান্তি বাস্তবায়ন করতে সৌদি আরব বদ্ধপরিকর।
আমিরাতের বেসামরিক বিমান চলাচলের অনুমতি চাইলে সৌদি কর্তৃপক্ষ তাদের বিমান চলাচলের অনুমোদন দেয়। সৌদি রাজনৈতিক বিশেষজ্ঞ ড. হামদান আল সেহরি আরব নিউজকে বলেন, ‘দুই ইস্যুর মধ্যে পার্থক্য সম্পর্কে সৌদি অবগত। আমরা শুধু বিমান চলাচলের অনুমোদন দিয়েছি। তার মানে এই নয় যে আমাদের মূল বিষয় থেকে আমরা সরে পড়েছি।
সূত্র : আরব নিউজ