এভিয়েশন নিউজ ডেস্ক :
দুটি চীনা কোম্পানির উদ্ভাবিত সম্ভাব্য করোনাভাইরাসের টিকার প্রদর্শনী শুরু হয়েছে বেইজিংয়ের বাণিজ্যমেলায়। চীনা ভ্যাকসিন নির্মাতা কোম্পানি সিনোভ্যাক ও সিনোফার্মের টিকার ভায়ালের প্রদর্শনী চলছে এই মেলায়। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বাণিজ্যমেলায় টিকার ভায়ালের প্রদর্শনী করছেন কোম্পানি দুটির প্রতিনিধিরা। ছোট ভায়ালে ভরা টিকার ডোজ দেখানো হচ্ছে সাধারণ জনগণকে। চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।
সিনোভ্যাকের এক প্রতিনিধি জানিয়েছেন, এই প্রদর্শনীতে টিকার বাজার দর কতটা বাড়বে জানা নেই, তবে সাধারণ মানুষের মনে আশ্বাস জন্মাবে। আশা করা যাচ্ছে, এই বছরের শেষে বা আগামী বছরের শুরুতেই টিকা নিয়ে আসবে সিনোভ্যাক। বছরে ৩০ কোটি ভ্যাকসিনের ডোজ তৈরির সক্ষমতা রয়েছে তাদের।
রাশিয়ার পরে চীন করোনার টিকা আনতে পারে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল। চীনের সরকারি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, ক্যানসিনো বায়োফার্মাসিউটিক্যালকে টিকার স্বত্ব দিয়েছে চীন সরকার।
চীনের ন্যাশনাল বায়োটেক গ্রুপ (সিএনবিজি) জানিয়েছে, সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের তৈরি টিকার তিন স্তরের ট্রায়ালের রিপোর্ট বেশ ভালো। তাই জরুরি ভিত্তিতে সিনোভ্যাকের টিকার প্রয়োগ করা যেতে পারে।
সিনোভ্যাকের কোভিড ভ্যাকসিনের নাম করোনাভ্যাক। এই ভ্যাকসিনের প্রথম দুই পর্যায়ের ট্রায়ালের রিপোর্ট ইতিবাচক বলেই দাবি করেছিল চীনের এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি। চীনে টিকার দৌড়ে এগিয়ে সিনোফার্ম ও ক্যানসিনো বায়োফার্মাও। সৌদি আরবে ক্যানসিনো বায়োফার্মের তৈরি ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। চীনেও সেনা ক্যাম্পে এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ হচ্ছে।
টিকার দৌড়ে এগিয়ে সিনোফার্মও। এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিও তৃতীয় স্তরের টিকার ট্রায়ালে করছে। প্রথম দুই পর্বে টিকার ট্রায়ালের ফল ইতোমধ্যে সামনে এনেছে সিনোফার্ম। গবেষকরা দাবি করেছেন, প্রথম পর্যায়ে ৯৬ জনকে অল্প ডোজে টিকা ইনজেক্ট করা হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে ২২৪ জনকে টিকা দেওয়া হয়েছিল। ওই পর্যায়ের ডোজের পরিমাণ সামান্য বাড়ানো হয়। এতদিন পর্যবেক্ষণে ছিলেন স্বেচ্ছাসেবকরা। তাদের প্রত্যেকের রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে।