বেকারত্ব সংকোচনে অর্থনৈতিক পুনরুদ্ধারের আশাবাদ অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়া : গত আগস্টে অস্ট্রেলিয়ার বেকারত্ব হার কিছুটা কমে ৬ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। নভেল করোনাভাইরাস মহামারীর ফলে সৃষ্ট মন্দা ধীরে ধীরে কেটে যাবে—এ ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই উপাত্তে। খবর এএফপি।

অস্ট্রেলিয়ার পরিসংখ্যান সংস্থা বৃহস্পতিবার জানায়, দেশটির বেকারত্ব হার জুলাইয়ের ৭ দশমিক ৫ শতাংশ থেকে শূন্য দশমিক ৭ শতাংশীয় পয়েন্ট কমেছে। একই সঙ্গে গত মাসে দেশটির অর্থনীতিতে ১ লাখ ১১ হাজার নতুন কর্মী নিয়োগ দেয়া হয়েছে। উল্লেখ্য, শুধু অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশেই ৪২ হাজারেরও বেশি মানুষ চাকরি হারিয়েছে।

প্রায় ৩০ বছরের মধ্যে অস্ট্রেলিয়া প্রথম মন্দায় পড়ায় অর্থনীতি চাঙ্গায় বেশকিছু প্রণোদনা প্যাকেজ গ্রহণ করেছে অস্ট্রেলিয়া সরকার ও কেন্দ্রীয় ব্যাংক। নভেল করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণে নেয়া লকডাউনের ফলে প্রায় ১০ লাখ কর্মী চাকরি হারিয়েছেন এবং আরো অনেকের বেতন কর্তন হয়েছে বা কর্মঘণ্টা কমানো হয়েছে।

অর্থনীতিবিদরা আগস্টে যে ৮ শতাংশ বেকারত্বের পূর্বাভাস দিয়েছিলেন, বৃহস্পতিবার প্রকাশিত উপাত্তে তা ভুল প্রমাণিত হয়েছে। বেকারত্বের এ হেডলাইন উপাত্তের বাইরে অন্য উপাত্তগুলো অবশ্য কিছুটা উদ্বেগের।

সুত্র -বণিক বার্তা

Comments (0)
Add Comment