উৎপাদনশীল খাতে ১৫০ কোটি ডলার সহায়তা অস্ট্রেলিয়ার

উৎপাদনশীল খাতের ছয়টি শাখা চাঙ্গায় ১৫০ কোটি অস্ট্রেলিয়ান ডলার ব্যয়ের পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া সরকার। গতকাল এ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। নভেল করোনাভাইরাস মহামারীর ফলে অর্থনীতিতে যে শ্লথগতি দেখা দিয়েছে, তা কাটিয়ে উঠতে এ সহায়তা দেয়া হবে। খবর রয়টার্স।

প্রয়োজনীয় পণ্যের জন্য এশিয়ার ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে চলমান মহামারীতে দেশটির সাপ্লাই চেইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহত্তম বাণিজ্য অংশীদার চীনের সঙ্গে সম্পর্কের তিক্ততায় তা আরো বিপর্যয়ের মুখোমুখি হয়েছে।

পরিবর্তিত পরিস্থিতিতে ম্যানুফ্যাকচারিং খাত ঢেলে সাজানোর লক্ষ্যে বৃহস্পতিবার মরিসন বলেন, আমরা অস্ট্রেলিয়াতেই জিনিসপত্র বানাচ্ছি এবং নিজ দেশেই এ উৎপাদন চালু রাখতে হবে।

কেন্দ্র সরকারের বাজেট ঘোষণার পাঁচদিন আগে প্রধানমন্ত্রী যে খাতগুলোয় আর্থিক সহায়তার অঙ্গীকার করেছেন, সেগুলো হচ্ছে খাদ্য ও পানীয়, চিকিৎসা পণ্য, রিসাইক্লিং ও সবুজ জ্বালানি, মহাকাশ, প্রতিরক্ষা এবং রিসোর্সেস অ্যান্ড ক্রিটিকাল মিনারেলস। ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ১ লাখ থেকে ১০ লাখ অস্ট্রেলিয়ান ডলার অনুদানের জন্য বিবেচিত হবে।

২০১৯ সালে অস্ট্রেলিয়ার জিডিপিতে ম্যানুফ্যাকচারিং খাতের অবদান ছিল ৫ শতাংশ, যা ১৯৬০-এর দশকে ছিল ২৫ শতাংশ। অ্যান্ড্রু লিভারিস নামে এক বিশ্লেষক মনে করেন, প্রশান্ত মহাসাগরীয় দেশটির অর্থনীতি সম্প্রসারণে জিডিপিতে ম্যানুফ্যাকচারিং খাতের অবদান ১৫ থেকে ২০ শতাংশ হওয়া উচিত।

সর্বশেষ প্রান্তিকে ২ ট্রিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের অর্থনীতিটি ৭ শতাংশ সংকুচিত হয়েছে, যা ১৯৫৯-পরবর্তী সর্বোচ্চ সংকোচন।

Comments (0)
Add Comment