কংগ্রেসে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপন

আজ সোমবার পূর্ব ঘোষণা অনুযায়ী মার্কিন প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এতে তাঁর বিরুদ্ধে ‘বিশৃঙ্খলায় উসকানির’ অভিযোগ আনা হয়েছে।

অভিশংসন প্রস্তাবে বলা হয়, এসব কিছুর মাধ্যমে ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সরকারি প্রতিষ্ঠানগুলোকে বিপন্ন অবস্থার মধ্যে ফেলেছেন।

তিনি গণতান্ত্রিক ব্যবস্থার অখণ্ডতাকে হুমকি দিয়েছেন, শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তরে হস্তক্ষেপ করেছেন। অধিকন্তু তিনি প্রেসিডেন্ট হিসেবে তাঁর বিশ্বাসঘাতকতা করেছেন।

অভিশংসন প্রস্তাবে নির্বাচনে জয়ের ট্রাম্পের ভুয়া দাবি ও ৬ জানুয়ারি সহিংসতার আগে সমর্থকদের উদ্দেশ্যে তাঁর দেওয়া বক্তব্যের কথা উল্লেখ করা হয়।

এতে জর্জিয়ার রিপাবলিকান সেক্রেটারি অব স্টেটকে ফোন করার কথাও উল্লেখ করা হয়, যাতে ট্রাম্প রাজ্যে তাঁর জয়ের জন্য প্রয়োজনীয় ভোট ‘খুঁজে বের করতে’ তাঁর প্রতি আহ্বান জানিয়েছিলেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বরা হয়, ক্যাপিটল হিলে হামলার ঘটনায় নিজের সমর্থকদের সহিংসতায় উসকানি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই ঘটনার পর তাঁকে ক্ষমতা থেকে অপসারণের বিষয়ে জোর আলোচনা শুরু হয়।

প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ও সিনেটের সংখ্যালঘু দলের নেতা চাক শুমার শুরুতেই বলেছিলেন, ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স যদি সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ না করেন, তবে তাঁরা প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করবেন। পরে ২৫তম সংশোধনীর প্রয়োগের জন্য মাইক পেন্সকে সোমবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। বলা হয়েছিল, এই সময়ের মধ্যে পেন্স কোনো পদক্ষেপ না নিলে প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব তোলা হবে।

আগামী বুধবার (১৩ জানুয়ারি) কংগ্রেসে ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিশংসন প্রস্তাবের ওপর ভোট হতে পারে। এর মধ্য দিয়ে ট্রাম্প হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম প্রেসিডেন্ট, যিনি দুবার অভিশংসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন।

Comments (0)
Add Comment