যুক্তরাষ্ট্রে বড় ধরনের নাশকতার আশঙ্কায় সর্বত্র সতর্কাবস্থা

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ অনুষ্ঠানকে ঘিরে ২০ জানুয়ারি ট্রাম্প-সমর্থকদের বড় ধরনের সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের নগর-মহানগরে নাশকতার আশঙ্কায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সর্বত্র সতর্কাবস্থা লক্ষ করা গেছে।

২০ জানুয়ারি বাইডেনের শপথ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ১৫ হাজার অতিরিক্ত ন্যাশনাল গার্ড মোতায়েন করা হচ্ছে।

পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পকে সময়ের আগে ক্ষমতাচ্যুত করলেও তাঁর সমর্থকদের মধ্যে সহিংস আচরণ দেখা যেতে পারে। এ নিয়ে এফবিআইসহ যুক্তরাষ্ট্র সরকারের অন্যান্য সংস্থা মাঠে নেমেছে।

শুধু রাজধানী ওয়াশিংটন ডিসি নয়, ৫০ অঙ্গরাজ্যের কেন্দ্রীয় স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এ ব্যাপারে প্রচারপত্রও বিলি করা হচ্ছে।

বাইডেন বলেছেন, উন্মুক্ত স্থানে শপথ অনুষ্ঠানে যোগ দিতে তিনি বা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মোটেই ভীত নন।

অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ২০ জানুয়ারির শপথ অনুষ্ঠান সাজানো হচ্ছে। ছয় দিন আগে থেকেই সবকিছু প্রস্তুত থাকবে।

এদিকে, কার্যকর নিরাপত্তার নির্দেশনা দিয়ে ভারপ্রাপ্ত হোমল্যান্ড সিকিউরিটি–প্রধান চ্যাড উলফ নিজেই পদত্যাগ করেছেন।

ট্রাম্প-সমর্থক উগ্রবাদীরা আমেরিকার প্রতিটি অঙ্গরাজ্যে সশস্ত্র মহড়ার আহ্বান জানিয়েছেন। ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের আগে ১৭ জানুয়ারি তাঁরা এমন সমাবেশের জন্য প্রচারণা চালাচ্ছেন।

এফবিআইয়ের অভ্যন্তরীণ একটি স্মারক উল্লেখ করে এবিসি নিউজসহ অন্যান্য সংবাদমাধ্যম বলেছে, ট্রাম্পকে সময়ের আগে ক্ষমতাচ্যুত করার যেকোনো প্রয়াসে সহিংসতা সৃষ্টি হতে পারে। প্রতিটি অঙ্গরাজ্যের আদালত ভবন, অঙ্গরাজ্য সভা, নগর ভবন, ফেডারেল ভবন হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

ইতিমধ্যে কংগ্রেসে ট্রাম্পকে অভিশংসন করার প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। অভিশংসন প্রস্তাবটি আগামীকাল বুধবার আলোচনায় যেতে পারে।

ডেমোক্র্যাটদের পক্ষ থেকে আশা করা হচ্ছে, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী বলবৎ করবেন। এই সংশোধনীতে প্রেসিডেন্টকে দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণা করে ভাইস প্রেসিডেন্ট নিজেই ক্ষমতা পরিচালনা করতে পারেন।

শপথ অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ বুশ, বিল ক্লিনটন উপস্থিত থাকবেন। ক্ষত ভুলে গিয়ে ঐক্য ও সংহতির আহ্বান জানাবেন তাঁরা।

Comments (0)
Add Comment