সোমবার সিনেট থেকে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ও কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার দুদিন আগেই ক্যালিফোর্নিয়ার সিনেটরের পদ থেকে পদত্যাগ করলেন।
কমলা হ্যারিস পদত্যাগের পর এক চিঠিতে ক্যালিফোর্নিয়ার নাগরিকদের উদ্দেশ্যে লিখেছেন, আপনাদের সিনেটর হিসেবে কাজ করা সম্মানের বিষয় ছিল। এখানেই বিদায় নয়; ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার জন্যই আমি সিনেট থেকে পদত্যাগ করছি। খবর আলজাজিরা ও রয়টার্সের।
হ্যারিস পদত্যাগ করার ফলে ডেমোক্র্যাটিক সিনেটর চাক সুমার সিনেটে সংখ্যাগরিষ্ঠদের নেতা হবেন। ফলে আবারও ডেমোক্র্যাটদের হাতে সিনেটের নিয়ন্ত্রণ আসবে।
সিনেটে হ্যারিসের স্থানে এসেছেন ক্যালিফোর্নিয়া রাজ্যের সেক্রেটারি অ্যালেক্স প্যাডিলা। তিনি ক্যালিফোর্নিয়া থেকে আসা প্রথম লাতিন বংশোদ্ভূত সিনেটর।
বুধবার কমলা হ্যারিসকে শপথপাঠ করাবেন দেশটির সুপ্রিমকোর্টের বিচারক সোনিয়া সোটোমেয়র। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ২০১৬ সালে প্রথম সিনেটর নির্বাচিত হন কমলা হ্যারিস। তিনি একাধারে একজন বর্ষীয়ান অধিকারকর্মী, আইনজীবী এবং রাজনীতিক।
তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ নারী, প্রথম এশিয়ান বংশোদ্ভূত মার্কিন নারী, যিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।