আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলিতে ১৩ জন মহিলা সহ প্রায় ২০ জন ভারতীয়-আমেরিকানকে মনোনীত করেছেন।
বাইডেনের নির্বাচনী প্রচারণায় কাজ করা সোনাল শাহ এবং অমিত জানি সহ কিছু বিজেপি পন্থী ভারতীয়-আমেরিকানকে এই তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।
সোনাল শাহের পিতা বাইডেনের ইউনিটি টাস্কফোর্সে দায়িত্ব পালন করেছেন এবং ওভারসিস ফ্রেন্ড্স অফ বিজেপি-ইউএসএ’র প্রেসিডেন্ট ছিলেন।
তিনি ভারতে আরএসএস পরিচালিত একাল বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। ‘নেম বাইডেন’ প্রচারণার ‘মুসলিম আউটরিচ’ সমন্বয়কারী জানির পরিবারেরও প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপির অন্যান্য নেতাদের সাথে সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।
বাইডেন প্রশাসন আরএসএস / বিজেপির যোগসূত্রগুলি বাদ দিতে যাতে পিছপা না হয়, তা নিশ্চিত করার জন্য, ১৯ টি ভারতীয়-আমেরিকান সংস্থা বাইডেনকে চিঠি দিয়ে বলেছে যে, ভারতের উগ্রপন্থী হিন্দু সংগঠনগুলির সাথে সম্পৃক্ত অনেক দক্ষিণ এশীয়-আমেরিকান ব্যক্তি ডেমোক্র্যাটিক পার্টির সাথে যুক্ত।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সরকারে বিজেপি-আরএসএএস সম্পৃক্তদের অন্তর্ভুক্ত করার বিষয়ে ‘হিন্দুত্ববাদ প্রকল্প’ বিরোধী সংগঠনগুলি নতুন করে সক্রিয় হয়ে উঠেছে।
তাছাড়া মার্কিন নির্বাচনে প্রাক্তন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প সহ এধরণের উগ্রপন্থী প্রার্থীদের পরিণতি অবলোকন করার পর, ডেমোক্র্যাটরা আরও বেশি সতর্কতা অবলম্বন করছেন।
সূত্র: দ্য ট্রিবিউন।