বাইডেন প্রশাসনে ফিলিস্তিনি বংশোদ্ভূত মেহের মার্কিন গোয়েন্দা পরিচালক

নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার বৈচিত্রময় প্রশাসনে আরেক ফিলিস্তিনি বংশোদ্ভূতকে নিয়োগ দিয়েছেন।

প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনি-মার্কিন মেহের বিটারকে জাতীয় সুরক্ষা কাউন্সিলের (এনএসসি) গোয়েন্দা কর্মসূচির সিনিয়র ডিরেক্টর নিযুক্ত করেছেন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম পলিটিকো।

মেহের এর আগে হাউস ইন্টেলিজেন্স কমিটিতে ডেমোক্র্যাটদের প্রধান পরামর্শদাতা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম অভিশংসনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

হাউস ইন্টেলিজেন্সের চেয়ারম্যান অ্যাডাম শিফ পলিটিকোকে বলেছেন, ‘আমি মেহেরকে তার নতুন পদে দেখে রোমাঞ্চিত হয়েছি, যদিও আমরা অবশ্যই তাকে কমিটিতে মিস করব।’ তিনি বলেন, ‘এই পদে আমি মেহেররের চেয়ে উপযুক্ত আর কাউকে ভাবতে পারি না।’

জর্জিটাউন বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক করা মেহের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে জাতীয় সুরক্ষা কাউন্সিলের ইসরাইলি দখলদারিত্ব-ফিলিস্তিনি বিষয়ক পরিচালক হিসাবেও কাজ করেছিলেন।

তিনি একটি মার্শাল স্কলারশিপের আওতায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রিফিউজি স্টাডিজ সেন্টার থেকে ‘জোরপূর্বক অভিবাসন’ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং জেরুজালেমে জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (ইউএনআরডাব্লিউএ) এর সাথে কাজ করেছেন।

ইরানের জন্য প্রেসিডেন্ট বাইডেনের বিশেষ দূত নিযুক্ত হওয়ার অপেক্ষায় থাকা রবার্ট ম্যালি টুইট করে বলেছেন, ‘মাহেরের চেয়ে ভাল পছন্দের কথা ভাবতে পারছি না। সবচেয়ে পেশাদার, নীতিগত, নিবেদিতপ্রাণ এই সরকারী কর্মচারীর সাথে কাজ করতে পেরে আমি সম্মানিত হয়েছি। তিনি একজন অসাধারণ সহকর্মী এবং ভালো বন্ধু।’

সূত্র : মিডল ইস্ট মনিটর।

Comments (0)
Add Comment