যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আসামি ধরতে গিয়ে এফবিআইয়ের ২ গোয়েন্দা নিহত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আসামি ধরতে গিয়ে গোলাগুলির ঘটনায় দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) দুই সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে ফ্লোরিডায় শিশু নির্যাতনে অভিযুক্ত ওই আসামিকে ধরতে গেলে এফবিআই সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে ওই ব্যক্তি।খবর নিউইয়র্ক টাইমসের।

যুক্তরাষ্ট্রের পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাস্থলে প্রচুর গোলাগুলি হয়েছে। আসামির গুলিবর্ষণের একপর্যায়ে পাল্টা গুলি ছোড়ে এফবিআই। গোলাগুলির এ ঘটনায় এফবিআইয়ের আরও তিন সদস্য আহত হয়েছেন। গোলাগুলিতে সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তিও নিহত হয়েছেন।

এফবিআই এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবার ৬টায় শিশু নির্যাতনের মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে গিয়েছিলেন পাঁচ কর্মকর্তা। এ সময় তারা হামলার শিকার হন ।

নিহত দুই গোয়েন্দার নাম প্রকাশ করেনি এফবিআই। আহত অপর গোয়েন্দাদের অবস্থা নিয়েও কিছু জানায়নি সংস্থাটি।

Comments (0)
Add Comment