সুস্পষ্ট লঘুচাপটি এখন দেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।
এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হওয়া বয়ে যাচ্ছে।
তাই সমুদ্রবন্দর ও দেশের উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বৃহস্পতিবারও বহাল রাখা হয়েছে।
একইসঙ্গে চার বিভাগে অতিভারি বৃষ্টি অব্যাহত এবং এতে পাহাড়ধসের শঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া বিভাগ।
বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা জোরালো বাতাস বইছে। এরমধ্যে মাঝে মাঝেই আসছে দমকা হাওয়া।
বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মোংলায়।
সেখানে ২৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এ সময় ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অন্যান্য বিভাগের তুলনায় কম ছিল।