ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিমানেই ছিল কভিড রোগী। ঐতিহাসিক সংযুক্ত আরব আমিরাত সফর শেষে সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেত দেশে ফেরার পর আজ মঙ্গলবার জানা গেল, যে ফ্লাইটে তিনি দেশে ফিরেছেন, সে ফ্লাইটে একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর বিষয়টি নিশ্চিত করে।
এটি ছিল কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রীর পক্ষে প্রথম সংযুক্ত আরব আমিরাত সফর।
আজ মঙ্গলবার কভিড পজিটিভ ওই ব্যক্তি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ম অনুসারে তিন দিনের কোয়ারেন্টিনে যাবেন। তাঁর জন্য ওই ফ্লাইটে থাকা সব যাত্রীকে (এমনকি টিকাপ্রাপ্তরাও) আইসোলেশনে থাকতে হবে। তিনি আগামী বুধবার ফের করোনা পরীক্ষা করাবেন। স্বাস্থ্যবিধি অনুসারে, ওই পরীক্ষায় তিনি নেগেটিভ হলে কোয়ারেন্টিন শেষ হবে।
তবে প্রধানমন্ত্রী বেনেটের দপ্তর ওই ব্যক্তির নাম-পরিচয় নির্দিষ্ট করেনি।
সংযুক্ত আরব আমিরাত সফরে বেনেটের সঙ্গে ইসরায়েলি ও বিদেশি সাংবাদিকদের একটি বড় দল ও উল্লেখযোগ্যসংখ্যক সফরসঙ্গী থাকার কথা ছিল। তবে তিনি দেশ ছাড়ার আগে বলা হয়, নতুন করোনা ভেরিয়েন্ট ওমিক্রন নিয়ে উদ্বেগের কারণে তারা যোগদান করবে না এবং বেনেটের দলটিকেও ছোট করা হবে।
ওমিক্রন স্ট্রেন আবির্ভূত হওয়ার পর থেকে ইসরায়েল বিদেশি ভ্রমণকারীদের জন্য সীমান্ত বন্ধ করেছে এবং ইসরায়েলিদের বিদেশ ভ্রমণের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটি তার নাগরিকদের ‘সাব-সাহারান’ আফ্রিকার সব দেশে ভ্রমণ নিষিদ্ধ করেছে এবং সব বিদেশফেরতদের জন্য কোয়ারেন্টিন নিশ্চিতের আহ্বান জানিয়েছে।
সূত্র : এবিসি নিউজ।