ভারতীয় পর্যটকদের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য আরব আমিরাত

ভারতীয় পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্য সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরলিধরন সম্প্রতি আইনসভায় এ তথ্য দেন।

ভারতের লোকসভার আটজন সদস্যের এক প্রশ্নোত্তর পর্বে ভি মুরলিধরন জানিয়েছেন, ভ্রমণের জন্য অধিকাংশ ভারতীয় পর্যটকদের সবচেয়ে পছন্দের গন্তব্য ইউএই। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৩ লাখ ১৪ হাজার ৪৯৫ জন ভারতীয় পর্যটন ভিসায় মধ্যপ্রাচ্যের দেশটিতে গিয়েছেন।

গত বছর ভারতে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়। এর ধারাবাহিকতায় ২০২০ সালের ২৩ মার্চ সব ধরনের আন্তর্জাতিক ভ্রমণ বন্ধ ঘোষণা করে দেশটি। তথ্যানুযায়ী, গত বছর একই সময়ের তুলনায় এ বছর প্রথম প্রান্তিকে দ্বিগুণেরও বেশি ভারতীয় ইউএই ভ্রমণ করেন।

সংশ্লিষ্টরা জানান, এর মাধ্যমে ভারতীয় পর্যটকদের কাছে ইউএইর জনপ্রিয়তা সম্পর্কে ধারণা পাওয়া যায়। যদিও পরিসংখ্যানটি দুই দেশের দ্বিপক্ষীয় ‘বাবল অ্যারেঞ্জমেন্টের’ (কভিড-১৯ মহামারীর কারণে দুই দেশের মাঝে বন্ধ হওয়া আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট ফের চালু করার ক্ষণস্থায়ী ব্যবস্থা) তুলনায় কম ছিল। বর্তমানে আরব আমিরাত ও গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) চারটি সদস্য দেশসহ মোট ৩১টি দেশের সঙ্গে ভারতের এয়ার বাবল চুক্তি রয়েছে।

প্রসঙ্গত, গত বছরের প্রথম প্রান্তিকে ৫ লাখ ৩৬ হাজার ৩৮ জন ভারতীয় বিদেশে গিয়েছিলেন। এ বছর তা কমে দাঁড়ায় ৩ লাখ ৯৩ হাজার ৩৭৪ জনে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য আরব আমিরাত। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে থাইল্যান্ড ও বাংলাদেশ।

Comments (0)
Add Comment