বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নে গভীর রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ধাওয়া খেয়ে ইঁদুরের ফাঁদে পড়ে প্রাণ হারিয়েছেন এক স্কুলছাত্র।
মঙ্গলবার সকালে উপজেলা হাসপাতাল থেকে সুমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে একই দিন দুপুরে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এর আগে সোমবার (৭ মার্চ) মধ্যরাতে ইঁদুর থেকে ধান রক্ষায় অবৈধভাবে দেওয়া ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান সুমন।
নিহত ব্যক্তি উপজেলার বাউরগাতি গ্রামের দুবাই প্রবাসী ইব্রাহিম খন্দকারের ছেলে সুমন খন্দকার (১৮)।
তিনি বাউরগাতি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, সোমবার রাতের আঁধারে বন্ধুকে সঙ্গে নিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে যান। বিষয়টি টের পেয়ে প্রেমিকার বাবা ধাওয়া করে।
এ সময় সুমন পালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে নিহতের চাচা ইউনুস খন্দকার বাদী হয়ে ধানখেতের মালিক আবুল মীরকে আসামি করে গৌরনদী থানায় মামলা করেন।