যশোর বোর্ডের এসএসসি বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত

যশোর বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এসএসসি বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনি বা এমসিকিউ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামীকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

শুক্রবার বিকেলে যশোর বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, ‘অনিবার্য কারণে শনিবার অনুষ্ঠেয় বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনি পরীক্ষা স্থগিত করা হলো।’

বাংলা দ্বিতীয় পত্রের শুধু সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত। বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, ‘চলমান এসএসসি পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার নড়াইলের কালিয়া উপজেলার প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং লোহাগড়া উপ ুজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্নপত্রের জায়গায় বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ বিতরণ করা হয়েছিল। পরীক্ষা নিয়ে যেন কোনো বির্তক সৃষ্টি না হয়, সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Comments (0)
Add Comment