ইউক্রেন যুদ্ধে নিজের ছেলেদের পাঠাচ্ছেন রমজান কাদিরভ

রাশিয়ার পক্ষে ইউক্রেন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে শিগগির নিজের তিন কিশোর ছেলেকে পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ চেচনিয়া অঞ্চলের প্রধান রমজান কাদিরভ। এ ঘোষণা দিয়ে তিনি বলেন, ছোট থেকেই সামরিক প্রশিক্ষণ পাওয়া তাঁর ছেলেদের এখন সত্যিকারের যুদ্ধ করার সময় এসেছে। তাঁর তিন ছেলের বয়স যথাক্রমে ১৪, ১৫ ও ১৬ বছর।

নিজ ছেলেদের যুদ্ধে পাঠানোর ব্যাপারে প্রেসিডেন্ট পুতিনের আস্থাভাজন এ নেতা টেলিগ্রামে লিখেছেন, সত্যিকারের যুদ্ধে নিজেদের প্রমাণ করার এটিই আসল সময়। আমি এই ইচ্ছাকে শুধুমাত্র স্বাগত জানাতে পারি।

টেলিগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন কাদিরভ। সেই ভিডিওতে দেখা যায় তার ছেলেরা একটি শুটিং রেঞ্জে মিসাইল ছোড়ার প্রশিক্ষণ নিচ্ছে।

চেচনিয়ার এ নেতা টেলিগ্রামে আরও লিখেছেন, তারা দ্রুতই সম্মুখভাগে যাবে এবং যুদ্ধের সবচেয়ে কঠিন অংশে থাকবে।

তিনি আরও বলেছেন, তার তিন ছেলে ১৬ বছর বয়সী আখমত, ১৫ বছর বয়সী আলী এবং ১৪ বছর বয়সী আদম অনেক আগে থেকেই যুদ্ধের প্রশিক্ষণ নিয়েছে। অনেকটা তাদের জীবনের শুরু থেকেই।

রমজান কাদিরভ শেষে জোর গলায় বলেন, তিনি মজা করছেন না।

সূত্র: আল জাজিরা

Comments (0)
Add Comment