যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন পল। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
খবরে বলা হয়, শুক্রবার ক্যালিফোর্নিয়া রাজ্যের সান ফ্রান্সিসকো শহরে পেলোসি দম্পতির বাড়িতে হামলা চালানো হয়। পেলোসির অফিস থেকে বলা হয়েছে, এক হামলাকারী জোরপূর্বক বাড়িতে ঢুকে পড়ে এবং পলের ওপর ‘সহিংস’ হামলা চালান।
পেলোসির অফিস থেকে আরও বলা হয়েছে, হামলাকারী এখন পুলিশি হেফাজতে রয়েছেন। এই হামলার পেছনে তার উদ্দেশ্য কী তা জানতে তদন্ত করা হচ্ছে।
ন্যান্সি পেলোসি ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী নেতা ও কংগ্রেসের সদস্য। বর্তমানে দ্বিতীয়বারের মতো হাউজের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আর কয়েকদিন পরই যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। নির্বাচন সামনে করে জোর প্রচারণা চালাচ্ছে ডেমোক্র্যাটরা।
ন্যান্সির ৮২ বছর বয়সী স্বামী পল একজন সফল ব্যবসায়ী। রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে তার। এই বয়সেও নিজের ব্যবসা নিজেই দেখাশুনা করেন। ন্যান্সির এক মুখপাত্র জানিয়েছেন, হামলায় গুরুতর আহত পল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আশা করা হচ্ছে, তিনি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।
হামলার ঘটনার সময় স্পিকার পেলোসি বাড়িতে ছিলেন না। ঘটনার পরপরই যারা দ্রুত ব্যবস্থা নিয়েছেন এবং হাসপাতালে যারা পলকে চিকিৎসা করছেন তাদের সবার প্রতি স্পিকার পেলোসি ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
ন্যান্সি ও পল পেলোসি বিয়ে করেন ১৯৬৩ সালে। এ বছরের মে মাসে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পল একটি জিপকে ধাক্কা দেন। ওই ঘটনায় তিনি দোষী সাব্যস্ত হন।
পল নিজে তার অপরাধের কথা স্বীকারও করে নিয়েছিলেন। এরপর ক্যালিফোর্নিয়ার নাপা কাউন্টিতেই তার পাঁচদিনের জেল হয়। যদিও জেলে তাকে মাত্র এক রাতই রাখা হয়েছিল। ওই ঘটনার পর এবার বাড়িতে তার ওপর হামলা হল।