যে কারণে চীনে আইফোন কারখানা ছেড়ে পালাচ্ছেন শ্রমিকরা

চীনে আবারো বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ‘জিরো কোভিড’ নীতিমালা ও লকডাউনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এতে আটকা পড়েছেন সাধারণ মানুষসহ বিভিন্ন কারখানার শ্রমিকরা। এরইমধ্যে অনেক শ্রমিক কারখানার বেড়া টপকে পালাতে শুরু করেছে।

সম্প্রতি চীনের স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একটি কারখানার অন্তত ১০ শ্রমিককে বেড়া টপকে পালিয়ে যাচ্ছে। ওই শ্রমিকরা অ্যাপলের জন্য চুক্তিভিত্তিকভাবে আইফোন উৎপাদন করত। খবর বিবিসি।

ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানায়, কঠোর ‘জিরো কভিড’ নীতিমালার কারণে চাংচোউ শহরে অবস্থিত ফক্সকনের কারখানাতেই আটকা পড়েছেন হাজারো শ্রমিক। কেবল আইফোন নির্মাণ কারখানার শ্রমিকরা নন, চীনের জনসাধারণ আর ব্যবসা প্রতিষ্ঠান– দুপক্ষই বিপাকে পড়ছে। চাংচোউ শহরের কারখানায় এখন পর্যন্ত কত জন কভিড আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন সে তথ্য এখনও দেয়নি কোম্পানিটি। তবে, স্থানীয় সময় রোববারেই তাইওয়ান ভিত্তিক কোম্পানিটি দাবি করেছে, শ্রমিকদের কেউ বেরিয়ে যেতে চাইলে তাদের আটকানোর চেষ্টা করা হবে না।

রয়টার্সের জানিয়েছে, গত সপ্তাহে শহরটিতে কভিড আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৬৭ জন। আগের সপ্তাহে যা ছিল একশ’র নিচে। কভিড আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়তে থাকায় শহরটির ওপর আংশিক লকডাউন আরোপ করেছে কর্তৃপক্ষ।

চীনের স্থানীয় সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভিডিও এবং চীনে নিজস্ব প্রতিনিধির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কারখানার সীমানা থেকে পালিয়ে হেঁটেই বাড়ি ফেরার চেষ্টা করছেন ফক্সকন শ্রমিকরা। গন্তব্য দূরের হলেও আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া এড়াতে গণপরিবহন এড়িয়ে যাচ্ছেন তারা।

বাণিজ্য বিষয়ক সংবাদমাধ্যম ফাইন্যানশিয়াল টাইমসকে শা নামের ২২ বছর বয়সী এক শ্রমিক বলেছেন, ডর্মিটরিগুলোতে পুরোপুরি বিশৃঙ্খলা চলছে। ক্যাম্পাস থেকে পালাতে প্রথমে আমরা প্রথমে একটা প্লাস্টিকের বেড়া পাড় করেছি, তারপর একটা মেটাল বেড়া পাড় করেছি।

Comments (0)
Add Comment