যুক্তরাষ্ট্রজুড়ে শীতকালীন ঝড়ের তাণ্ডব, নিহত ৩

যুক্তরাষ্ট্রজুড়ে শক্তিশালী শীতকালীন ঝড় পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এতে কমপক্ষে তিনজন মারা গেছে। দক্ষিণের অঙ্গরাজ্যগুলোতে টর্নেডোর সৃষ্টি হয়েছে। অন্য কিছু অঞ্চল ছেয়ে গেছে তুষারে।

টর্নেডোতে বাড়ি গুঁড়িয়ে যাওয়ায় লুইজিয়ানায় একটি ছোট ছেলে ও তার মা মারা গেছে। প্রবল ঝড় মধ্য-পশ্চিমে তুষারঝড়ের মতো পরিস্থিতি সৃষ্টি করেছে। রাস্তা ও স্কুল বন্ধ রয়েছে। কিছু এলাকায় চার ফুট পর্যন্ত গভীর তুষারপাত হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রায় তিন হাজার ৩০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। ১৫০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়।

নেব্রাস্কা, ওয়াইওমিং, সাউথ ডাকোটা এবং মিনেসোটা- এ চারটি অঙ্গরাজ্যজুড়ে বিভিন্ন স্থানে তুষার ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। প্রচণ্ড বাতাস এবং ভারি তুষারপাতের কারণে সেখানে যাতায়াত কঠিন হয়ে পড়েছে।

লুইজিয়ানা, মিসিসিপি, আলাবামা এবং ফ্লোরিডার কিছু অংশসহ উপসাগরীয় উপকূলে প্রবল ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। লুইজিয়ানা এবং মিসিসিপির কিছু অংশে টর্নেডো সতর্কতাও রয়েছে।

লুইজিয়ানার শ্রেভেপোর্ট শহরের কাছে একটি গ্রামীণ এলাকায় উদ্ধারকারীরা কয়েক ঘণ্টা ধরে অনুসন্ধান চালিয়ে মৃত মা ও ছেলেকে উদ্ধার করে। আট বছর বয়সী ছেলেটির মৃতদেহ বাড়ি থেকে আধমাইল দূরের জঙ্গলে পাওয়া যায়। তার মায়ের (৩০) লাশ পাওয়া যায় ধ্বংস হওয়া বাড়ি থেকে দূরে ধ্বংসস্তুপের নিচে।

শেরিফ স্টিভ প্রেটর স্থানীয় টেলিভিশন স্টেশন কেএসএলএকে বলেছেন, পরিবারটির বাবা তাদের নিখোঁজ হওয়ার খবর দিয়েছিলেন। শেরিফ বলেন, ‘উনি যে বাড়িটির ঠিকানা দিয়ে বর্ণনা করছিলেন তা-ও আমরা খুঁজে পাইনি। ঝড়ে সবই শেষ হয়ে গিয়েছিল। ’

স্থানীয় একজন রাজনীতিক জানিয়েছেন, সেন্ট চার্লস প্যারিশে তার বাড়ির বাইরে একজন ৫৬ বছর বয়সী নারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। লুইজিয়ানা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, টর্নেডোতে বাড়ি ধসে পড়ায় তার মৃত্যু হয়েছে।

সূত্র : বিবিসি

Comments (0)
Add Comment